বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে ‘গুচ্ছ সিলেকশন’ পদ্ধতি বাতিল এবং বিভাগ পরিবর্তন ইউনিটের দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রধান ফটকের সামনে অনশন করেছে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।
সোমবার (১৫ ফেব্রুয়ারি) কয়েকটি কলেজের শিক্ষার্থীরা ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ব্যানারে এ অনশন করে। এসময় তারা তাদের দাবির স্বপক্ষে নানা প্ল্যাকার্ড প্রদর্শন করে। পরে তারা একই দাবিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে একটি স্মারকলিপি দেয়।
শিক্ষার্থীরা বলেন, চান্স পাওয়া পরের বিষয়, আমরা ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে মেধা যাচাইয়ের সুযোগ চাই। গুচ্ছ প্রক্রিয়ায় সিলেকশন পদ্ধতিতে দেশের অধিকাংশ শিক্ষার্থীকে পরীক্ষা দেওয়ার অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। এ ছাড়াও যারা দীর্ঘ দিন থেকে বিভাগ পরিবর্তন ইউনিটে পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, ভর্তি পরীক্ষা কমিটির সিদ্ধান্ত তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনকে হুমকির মুখে ফেলেছে।
শিক্ষার্থীরা আরো বলেন, যে সময় আমাদের পড়ার টেবিলে থাকার কথা, সে সময় আমাদের অধিকার আদায়ের জন্য রাস্তায় নামতে হয়েছে। পরীক্ষা দেওয়ার কথা প্রায় ১৮ লাখ শিক্ষার্থীর, সেখানে মাত্র চার লাখ সুযোগ পাচ্ছি। এটা সত্যিই হতাশাজনক। আশা করি ভর্তি পরীক্ষা কমিটি এমন সিদ্ধান্ত থেকে সরে আসবে।
বার্তাবাজার/হৃ.আর