বিদেশী মদের বোতল নিজ হেফাজতে রাখার দায়ে পতেঙ্গা এলাকার তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী নুরুল আবছারকে ৪ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া তাকে ২০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
সোমবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রামের পঞ্চম যুগ্ম মহানগর দায়রা জজ জহির হোসেন এ রায় ঘোষণা করেন।
নুরুল আবছার চট্টগ্রামের পতেঙ্গা থানার দক্ষিণপাড়া ‘কোনার দোকান’ নাগর আলীর বাড়ির বদিউল আলমের ছেলে।
এর আগে ২০১৮ সালের ৩ জুন পতেঙ্গার নেভাল রোডের চায়নিজ ঘাট এলাকা থেকে বস্তার ভেতরে ২০টি বিদেশী মদ উদ্ধার করে। আর এ ঘটনায় একমাত্র আসামি নুরুল আবছারকে গ্রেফতার করে পতেঙ্গা থানা পুলিশ। দীর্ঘদিন জামিনে ছিলেন তিনি।
এর আগে ২০১৯ সালের ২৫ মার্চ ক্রসফায়ারের ভয় দেখিয়ে ৩০ লাখ টাকা ঘুষ দাবি ও ১৫ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ এনে পতেঙ্গা থানার সাবেক ওসিসহ ৯ জনের বিরুদ্ধে আদালতে একটি মামলা দায়ের করেন নুরুল আবছার।
তবে আদালত বিষয়টি দুদককে অনুসন্ধান করতে দিলে দুদক অনুসন্ধান করে দেখেন মামলায় যার নম্বর দেওয়া হয়েছে সেটি মিথ্যা। এছাড়া মামলা যাদের স্বাক্ষী হিসেবে রাখা হয়েছে তাদের সন্ধানও পাওয়া যায়নি। এছাড়া নুরুল আবছারের কাছ থেকে পুলিশের ঘুষ নেওয়া ও ঘুষ দাবির বিষয়টি সত্য নয়। তদন্তে সবকিছু মিথ্যা প্রমাণিত হওয়ায় দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১ এর উপসহকারী পরিচালক মো. নুরুল ইসলাম বাদি হয়ে আদালতে মামলা করেন।
গত ৯ ফেব্রুয়ারি সকালে এ মামলায় নুরুল আবছার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলেও চট্টগ্রাম মহানগর বিশেষ দায়রা জজ আদালত শেখ আশফাকুর রহমান জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
রবিউল হোসেন/বার্তাবাজার/হৃ.আর