সদ্য শেষ হওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে সেঞ্চুরি হাঁকান পাকিস্তান দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান। আহমেদ শেহজাদের পর দ্বিতীয় পাকিস্তানি হিসেবে টি-টোয়েন্টিতে সেঞ্চুরি হাঁকান রিজওয়ান।
এবার এই উইকেটরক্ষক ব্যাটসম্যানকে অধিনায়কের ভূমিকায় দেখা যাবে। আসন্ন পাকিস্তান সুপার লিগে (পিএসএল) মুলতান সুলতান্সের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন রিজওয়ান।
এবারের পিএসএলে মুলতান সুলতান্সের অধিনায়ক হিসেবে রিজওয়ানকে বেছে নিয়েছে ফ্রাঞ্চাইজিটি। পিএসএলের গত আসরে করাচি কিংসের হয়ে খেলেছিলেন রিজওয়ান। তবে এবারের আসরের প্লেয়ার্স ড্রাফট থেকে তাকে দলে ভেড়ায় মুলতান।
দলের নেতৃত্ব পেয়ে দারুণ খুশি রিজওয়ান। তিনি বলেন, এবারের মৌসুমে মুলতান সুলতান্সকে নেতৃত্ব দিতে আমি মুখিয়ে আছি। এই মৌসুমে আমি আমার অবদান রাখতে মরিয়া।
মুলতানে আছেন শহীদ আফ্রিদি, শান মাসুদ ও সোহেল তানভীরের মতো সিনিয়র পাকিস্তানি খেলোয়াড়রা। এছাড়াও আছেন রাইলি রুশো, ইমরান তাহির, ক্রিস লিন, কার্লোস ব্র্যাথওয়েটের মতো তারকারা।
বার্তাবাজার/এস.জি