অশ্বিনের সেঞ্চুরি, ইংল্যান্ডের ৪৮২ রানের টার্গেট দিল ভারত

দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ভারতের করা ৩২৯ রানের জবাবে ব্যাট করতে ১৩৪ রানেই অলআউট হয়ে যায় ইংল্যান্ড। ১৯৫ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে ভারত।

১ উইকেট হারিয়ে ৫৪ রান সংগ্রহ করে দ্বিতীয় দিন শেষ করেছিল ভারত। ব্যক্তিগত ১৪ রানে জ্যাক লিচের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে ফিরেছিলেন শুভমান গিল।

তৃতীয় দিন মাঠে নেমে শুরুতেই উইকেট হারায় ভারত। ৭ রান করে রান আউটের শিকার হয়ে ফিরেন চেতেশ্বর পূজারা। দলীয় ৫৫ রানে আরেকটি উইকেট হারায় ভারত। ২৬ রান করে লিচের দ্বিতীয় শিকার হন রোহিত শর্মা।

ক্রিজের এক প্রান্ত আগলে রাখেন অধিনায়ক বিরাট কোহলি। তাকে সঙ্গ দিতে পারেননি রিশাভ পান্ত, আজিঙ্কা রাহানে ও অক্ষর প্যাটেল। লিচের বলে ফোকসের দুর্দান্ত স্ট্যাম্পিংয়ে ৮ রান করে ফিরেন পান্ত।

রাহানে সাঝঘরে ফিরেন ১০ রান করে। মঈন আলির বলে পোপের হাতে তালুবন্দি হয়ে ফিরেন রাহানে। অন্যদিকে লেগ বিফোরের ফাঁদে ফেলে অক্ষরকে আউট করেন মঈন। ৭ রান করে ফিরেন তিনি।

১০৬ রানে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত। সেখান থেকে দলকে তুলেন কোহলি ও রবিচন্দ্রন অশ্বিন। ৯৬ রানের জুটি গড়েন তারা। মঈন আলির তৃতীয় শিকার হয়ে কোহলি ফিরলে তাদের এই জুটি ভাঙে।

কোহলির বিদায়ের পর সাঝঘরে ফিরেন কূলদীপ যাদব। ৩ রান করে মঈনের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে ফিরেন তিনি। এরপর লিচের বলে স্টোনকে ক্যাচ দিয়ে ৭ রান করে ফিরেন ইশান্ত শর্মা।

তাদের বিদায়ের পর দলকে একাই টানেন অশ্বিন। সঙ্গী হিসেবে ছিলেন দলের শেষ সদস্য মোহাম্মদ সিরাজ। অশ্বিন রানের গতি বাড়িয়ে নিতে থাকেন এবং সিরাজ তাকে সাহায্য করতে থাকেন।

১৩৪ বলে ১৪ চার ও ১ ছয়ে সেঞ্চুরি পূর্ণ করেন অশ্বিন। তবে শেষ পর্যন্ত ১০৬ রান করে স্টোনের বলে বোল্ড হয়ে ফিরেন তিনি। এতে ৩২৯ রানে অলআউট হয়ে যায় ভারত। দ্বিতীয় টেস্ট জিততে ইংল্যান্ডের প্রয়োজন ৪৮২ রান।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর