ভোট ডাকাত বিএনপি এখন গণতন্ত্রের ফেরীওয়ালা সেজেছে: সেতুমন্ত্রী

১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ভোট ডাকাতির নির্বাচন পরিচালনা করে বিএনপি এখন দেশের গণতন্ত্রের ফেরীওয়ালা সেজেছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানির রাসেল স্কয়ারে গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অনলাইনে যুক্ত হয়ে তিনি এই কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ৯৬ সালের এই দিনে ভোটারবিহীন নির্বাচন বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন প্রহসন। সেই প্রহসনের নির্বাচন দেশের নির্বাচনী ইতিহাসের কলঙ্কিত অধ্যায় হয়ে থাকবে। ১৯৯১ সালে বিএনপি সরকার গঠন করার পর থেকেই সমস্ত নির্বাচনী প্রতিশ্রুতি ও গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠায় জনগণের কাছে দেওয়া ওয়াদা ভাঙতে শুরু করে। শত শহীদের রক্তের অক্ষরে লেখা তিন জোটের রূপরেখা বাস্তবায়নে কোনো পদক্ষেপ না নিয়ে বিএনপি শহীদের রক্তের সাথে বেঈমানী করে।

বিএনপি বর্তমান সরকারের কোনো উন্নয়ন দেখতে পায়না উল্লেখ করে তিনি বলেন, বিএনপি দিনের আলোতে রাতের আঁধার দেখতে পায়, তাই তারা সরকারের কোনো উন্নয়ন ও অর্জন দেখতে পায় না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বাস্তবায়নের মধ্য দিয়ে দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোই ছিল জনগণের কাছে আওয়ামী লীগের অঙ্গীকার। সেই লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সরকার।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর