প্রাণঘাতী করোনাভাইরাসের টিকা নিতে আগ্রহ প্রকাশ করেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তবে ক্ষন তিনি টিকা গ্রহণ করবেন এ বিষয়ে এখনও বিস্তারিত জানানো হয়নি। খালেদা জিয়ার চিকিৎসায় সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে কথা বলে এই তথ্য জানা যায়।
তবে দল ও পারিবারি সূত্র দাবি করছে , এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনায় টিকা নেওয়া ঠিক হবে কি না তা নিয়েও এখনও সংশয় রয়েছে। সত্তরেরও বেশি বয়স্ক খালেদা জিয়া অনেকদিন ধরে চোখ ও দাঁতের সমস্যা ছাড়াও ডায়াবেটিস ও আর্থ্রাইটিস সমস্যায় ভুগছেন।
এদিকে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতান বলেছেন, অনিয়ন্ত্রিত ডায়াবেটিসসহ জটিল রোগে ভোগা রোগীরা টিকাদানের বাইরে থাকবেন। তবে শুধু যদি আর্থ্রাটাইটিসজনিত সমস্যা থাকে, সেক্ষেত্রে হেমাটোলজি বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে
বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ের একটি ঘনিষ্ঠ সূত্র জানায়, করোনাভাইরাসের টিকা নিতে ইতিবাচক অবস্থানে আছেন খালেদা জিয়া। ইতোমধ্যে তার সঙ্গে সাক্ষাৎ করে আসা একাধিক দায়িত্বশীল জানান, বিএনপি-প্রধান ভ্যাকসিন নেবেন। কিন্তু কবে নেবেন, তা স্পষ্ট করেননি তিনি।
উল্লেখ্য, ২০১৮ সালের ৭ ফেব্রুয়ারি দুর্নীতি মামলায় দণ্ডপ্রাপ্ত খালেদা জিয়া কারাগারে ছিলেন। কারাবন্দী হয়ে হাসপাতালেই নিচ্ছিলেন চিকিৎসা। এরপর গত বছরের ২৫ মার্চ করোনাপরিস্থিতিতে পরিবারের আবেদনের প্রেক্ষিতে তাকে শর্তসাপেক্ষ মুক্তি দেয় সরকার। এরপর তার মুক্তির মেয়াদ আরও বাড়ানো হয়। এখন তিনি গুলশানের ফিরোজায় ভাড়া বাড়িতেই অবস্থান করছেন।
বার্তাবাজার/এসজে