অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগের মামলায় কুয়েতে কারাদণ্ডপ্রাপ্ত লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য (এমপি) কাজী শহিদ ইসলাম পাপুলের স্ত্রী এমপি সেলিনা ইসলাম ও মেয়ে ওয়াফা ইসলামকে বিচারিক আদালতের দেওয়া জামিন বাতিল চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (১৫ ফেব্রুয়ারি) হাইকোর্টে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহি উদ্দিন শামীমের ভার্চুয়াল বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।
আদালতে দুদকের পক্ষে থাকবেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে থাকছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।
গত বছরের ১১ নভেম্বর দুদকের উপ-পরিচালক মো. সালাহউদ্দিন বাদী হয়ে দুই কোটি ৩১ লাখ টাকার অবৈধ সম্পদ ও ১৪৮ কোটি টাকা অর্থ পাচারের অভিযোগে শহিদ ইসলাম পাপুল, তার স্ত্রী সংরক্ষতি আসনের এমপি সেলিনা, মেয়ে ওয়াফা ইসলাম এবং সেলিনার বোন জেসমিন প্রধানের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
গত ২৬ নভেম্বর পাপুলের স্ত্রী সেলিনা ইসলাম ও মেয়ে ওয়াফা ইসলাম হাইকোর্টে আগাম জামিন চেয়ে আবেদন করেন।
দুদকের এ মামলায় আগাম জামিন আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট তাদেরকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। সে অনুসারে আত্মসমর্পণের পর তাদেরকে গত ২৭ ডিসেম্বর জামিন দেন ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েশ। ওই জামিনাদেশ বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করে দুদক।
বার্তাবাজার/এস.জি