ছাত্রনেতা উবায়দুল্লাহ নাঈম রিমান্ডে: বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নিন্দা

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিলের সুপারিশের প্রতিবাদে শনিবার (১৩ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশে যাওয়ার পথে জাতীয় শিল্পকলা একাডেমির সামনে বেশ কয়েকজন নেতাকর্মীসহ গ্রেফতার হন জাতীয়তাবাদী ছাত্রদল বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ নাঈম। সাথে গ্রেফতার হন একই সংগঠনের সহ-সাধারণ সম্পাদক জাকির হাসান নাঈম।

রোববার (১৪ ফেব্রুয়ারি) গ্রেফতারকৃত নেতাকর্মীদেরকে আদালতে হাজির করলে জামিন দেওয়া হয় সংগঠনের সহ-সাধারণ সম্পাদক জাকির হাসান নাঈমকে। তবে যুগ্ম সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ নাঈমকে দু’দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেয় বিচারক সাদবীর ইয়াছির আহসান চৌধুরীর আদালত। তখন নাঈমসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের ২৯ নেতাকর্মীকে রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

ছাত্রদল নেতা উবায়দুল্লাহ নাঈমকে রিমান্ডে নেওয়ার প্রতিবাদ জানিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে নিন্দা ও প্রতিবাদ জানান ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোক্তাদির হোসেন তরু এবং সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন জীমি

রোববার সংগঠনের দপ্তর সম্পাদক বায়েজিদ আহমেদ সাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, মহান স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে গতকাল প্রেসক্লাবের সামনে বিএনপির শান্তিপূর্ণ সমাবেশে সরকারের পুলিশ বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ নাঈমকে গ্রেফতার করে। আজ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে দু’দিনের রিমান্ড মঞ্জুর করে।

বিজ্ঞপ্তিতে উবায়দুল্লাহ নাঈমসহ সকল রাজবন্দির নিঃশর্ত মুক্তি দাবি করে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, যতই হামলা মামলা ও গ্রেফতার করা হোক ছাত্রদল নেতাকর্মীরা সাহস ও দৃঢ় ঐক্য নিয়ে চুড়ান্ত বিজয় এনে দিতে প্রতিজ্ঞ।

এছাড়াও বিএনপির কেন্দ্রীয় দফতর ও ছাত্রদল কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেফতারকৃত সকল নেতাকর্মীদের মুক্তি চেয়ে তীব্র নিন্দা জানানো হয়।

উল্লেখ্য, সম্প্রতি বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিলের সুপারিশ করে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা)। এরই প্রতিবাদে শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ আহ্বান করে বিএনপি। কিন্তু সমাবেশের আগে ও পরে পুলিশের সাথে দলটির ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় পুলিশসহ আহত হত দেড় শতাধিক। আটক করা হয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের অর্ধ শতাধিক নেতাকর্মীকে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর