কালাই-আক্কেলপুর পৌরসভায় নৌকার জয়

জয়পুরহাটের কালাই পৌরসভা নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেছেন আওয়ামী লীগের প্রার্থী রাবেয়া সুলতানা। অপরদিকে আক্কেলপুর পৌরসভা নির্বাচনে জয়লাভ করেছেন আওয়ামী লীগের প্রার্থী শহিদুল আলম চৌধুরী। রবিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে মেয়র প্রার্থীর ফলাফল বেসরকারিভাবে ঘোষণা করা হয়।

রিটার্নিং কর্মকর্তা ও কালাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোবারক হোসেন বার্তা বাজারকে বলেন, কালাই পৌরসভার ৯টি কেন্দ্র থেকে প্রাপ্ত ভোটে আওয়ামী লীগ প্রার্থী রাবেয়া পেয়েছেন ৯ হাজার ১৭৭ ভোট, বিএনপি প্রার্থী সাজ্জাদুর রহমান তালুকদার ৮০০ ভোট ও স্বতন্ত্র প্রার্থী মামুনুর রশিদ পেয়েছেন ১১৯ ভোট।

রিটার্নিং কর্মকর্তা ও আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার এস,এম হাবিবুল হাসান বার্তা বাজারকে বলেন, আক্কেলপুর পৌরসভার ৯টি কেন্দ্র থেকে প্রাপ্ত ভোটে আওয়ামী লীগ প্রার্থী শহীদুল আলম চৌধুরী পেয়েছেন ৮ হাজার ২৫৮ ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি’র প্রার্থী পেয়েছেন ৪ হাজার ৫৮১ ভোট।

এদিকে কালাই পৌরসভায় ধানের শীষের এজেন্ট ও ভোটাররা অভিযোগ করে বার্তা বাজারকে বলেন, মেয়রের ব্যালেটে নৌকার এজেন্টরা সীল দিচ্ছে আর কাউন্সিলদের ব্যালটগুলো আমাদের দিচ্ছে। এ কারণে আমরা আমাদের পছন্দের মেয়র প্রার্থীদের ভোট দিতে পারিনি।

অপরদিকে আক্কেলপুর পৌরসভায় এক নারী কাউন্সিল প্রার্থীর অভিযোগ করে বার্তা বাজারকে বলেন, বিশ বছর থেকে আওয়ামী লীগের কর্মী হিসেবে কাজ করে আসছি। নিজে ভোটে দাড়িয়ে নিজের ভোটই রক্ষা করতে পারলাম না।

আরেক কাউন্সিলর প্রার্থী বার্তা বাজারকে বলেন, বাবার দেওয়া গরু বিক্রি করে নারী কাউন্সিলর পদে দাড়িয়েছি। কিন্তু তারা ভোট কারচুপি করছে।

মিলন রায়হান/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর