আঞ্জুমান আরা: সংবাদকর্মী থেকে ঠাকুরগাঁওয়ের প্রথম পৌরমাতা

১৩ জানুয়ারি যখন আওয়ামী লীগের নৌকা মার্কার প্রার্থী ঘোষণা করা হয় তখন জেলার অধিকাংশ মানুষই মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেত্রী ও দৈনিক আমাদের সময় পত্রিকার ঠাকুরগাঁও প্রতিনিধি আঞ্জুমান আরা বেগম বন্যার মনোনয়ন পাওয়াকে গুজব বলে মনে করছিল। অনেকেই দায়িত্বজ্ঞানহীনভাবে মূলধারার জাতীয় দৈনিক, প্রথম সারির অনলাইনে আসা নিউজকে মিথ্যা বলে দাবি করছিল।

মূলত উনি হ্যাভিওয়েট তো ছিলেনই না, ছিলেননা আলোচনাতেও। কিন্তু গতবারের ন্যায় এবারও এক নারী আওয়ামী লীগের নৌকা মার্কার প্রার্থীতা পান। তবে গতবারের নৌকা মার্কার প্রার্থী জেলা যুব মহিলা লীগের সভাপতি তাহমিনা আক্তার মোল্লা হ্যাভিওয়েট প্রার্থী হিসেবে নৌকা মার্কার প্রার্থীতা পাওয়ার দৌড়ে এগিয়ে থাকলেও আওয়ামী লীগের নৌকা মার্কার চূড়ান্ত প্রার্থীতা পান আঞ্জুমান আরা বেগম বন্যা।

বন্যার প্রার্থীতা লাভের অভিমানে বেশ কয়েকজন মেয়র পদে মনোনয়ন নিলেও বিদ্রোহ করেননি কেউই, প্রত্যাহার করেছেন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা। এরপর থেকেই আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোকে সাথে নিয়ে প্রচার-প্রচারণা, গণসংযোগ চালাতে থাকে। প্রচারণায় অংশ নিতে ঢাকা থেকে উড়ে আসেন মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেত্রীরাও। তারা ভোটের আগমুহুর্তে নির্বাচনের মাঠে বেশ উত্তাপ ছড়ান।

১৪ই ফেব্রুয়ারি, বিশ্ব ভালোবাসা দিবসের দিনে ইভিএম মেশিনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগণনা শেষে ঠাকুরগাঁও পৌরসভার মেয়র হিসেবে আওয়ামী লীগের নৌকা মার্কার মনোনিত প্রার্থী আঞ্জুমান আরা বেগম বন্যাকে প্রাথমিকভাবে বিজয়ী ঘোষণা করা হয়। তিনি ২৬ হাজার ৪৯৪ ভোট পেয়ে বেসরকারিভাবে ঠাকুরগাঁও পৌরসভার প্রথম নারী মেয়র হিসেবে জনগণের ভোটে নির্বাচিত হন। ঠাকুরগাঁও পৌরসভা পায় তার ইতিহাসের প্রথম পৌরমাতা।

আঞ্জুমান আরা বেগম বন্যার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষ মার্কার প্রার্থী মো. শরিফুল ইসলাম শরিফ পান ৫ হাজার ৩৩৩ ভোট এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা মার্কার প্রার্থী মো. আনোয়ার হোসেন ১ হাজার ৬৩ ভোট।

জয়লাভের পর জেলা আওয়ামী লীগে কার্যালয়ে এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আঞ্জুমান আরা বেগম বন্যা ঠাকুরগাঁও পৌরবাসীকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

এস. এম. মনিরুজ্জামান মিলন/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর