নগরকান্দা পৌর নির্বাচন: ৬ জনকে টপকিয়ে নৌকার জয়

কোনপ্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই ফরিদপুরের নগরকান্দা পৌরসভার নির্বাচন সম্পন্ন হয়েছে। রবিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বিরতিহীন ভাবে বিকাল ৪টা পর্যন্ত নয়টি কেন্দ্রের ৩১টি বুথে গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ শেষ হয়।

পরে ভোট গণনা শেষে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, পৌর যুবলীগের সভাপতি নিমাই সরকার দুই হাজার ১৯৯ ভোট পেয়ে বেসরকারি ভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মাসুদুর রহমান জগ প্রতীক নিয়ে পেয়েছেন এক হাজার ২২৮ ভোট। অপর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী পৌর যুবলীগের সাবেক সভাপতি কামরুজ্জামান মোবাইল ফোন প্রতীকে পেয়েছেন এক হাজার ২০০ ভোট।

এ নির্বাচনে মেয়র পদে মোট ৭জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। অপর চার প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগের অপর বিদ্রোহী পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. দেলোয়ার হোসেন নারকেল গাছ প্রতীকে পেয়েছেন ৯০৫ ভোট, বিএনপি মনোনীত প্রার্থী উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. আলিমুজ্জামান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৭১৮, আওয়ামী লীগের অপর বিদ্রোহী প্রার্থী পৌর আওয়ামী লীগের কার্যকরী সদস্য মো. আরিফ আহমেদ ইস্ত্রি প্রতীকে ৪৬৯ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মনিরুজ্জামান মোল্যা চামচ প্রতীকে পেয়েছেন ১৭৮ ভোট।

ফরিদপুর জেলা নির্বাচন কর্মকর্তা হাবিবুর রহমান বার্তা বাজারকে বলেন, নির্বাচন নিয়ে কোন প্রার্থী কোন অভিযোগ করেনি। তিনি বলেন, এ নির্বাচনে ৮১ শতাংশ ভোটার ভোট দিয়েছেন।

এ নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলের তিনটি পদে ১৩ এবং সাধারণ কাউন্সিলরের নয়টি পদে ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

মিয়া রাকিবুল/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর