চুরি হওয়া ৫ মোটরসাইকেল উদ্ধার, আটক ৩

একটি অভিযানে মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্যকে আটক করেছে সিরাজগঞ্জ গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় তাদের কাছ থেকে চুরি যাওয়া ৫টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

রোববার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১১ টার দিকে পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হক।

আটককৃত চক্রের ৩ সদস্য হলো সিরাজগঞ্জ সদর উপজেলার মেছরা ইউনিয়নের রুপসা দক্ষিনপাড়া গ্রামের ফরিদুল ইসলামের ছেলে রুহুল আমীন (২০)একই গ্রামের কামাল হোসেনের ছেলে বোরহান উদ্দিন তালুকদার (১৯) ও জামালপুর জেলার সরিষাবাড়ি থানার বালিয়া মেন্দা গ্রামের মকবুল হোসেনের ছেলে সাদ্দাম হোসেন (১৯)।

উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হক আরও জানান, গত শনিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে সদর উপজেলার মেছরা ইউনিয়নের খাসপাড়া মোড়ে রহমত আলীর বাড়ির গোপন আস্তানায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। এ সময় পাঁচটি চোরাই মোটরসাইকেলসহ তিন যুবককে আটক করা হয়। আটককৃতরা দীর্ঘদিন যাবত মোটরসাইকেল চুরির ঘটনার সাথে জড়িত ছিলো। তারা মোটরসাইকেল চুরি করে গোপন আস্তানায় রাখতো। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ ঘটনায় সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

এম এ মালেক/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর