ভ্যাকসিন নিলেও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে: প্রধানমন্ত্রী

করোনার ভ্যাকিসিন নিলেও স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (১৪ ফেব্রুয়ারি) সকালে নারায়ণগঞ্জের কুমুদিনী ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস অ্যান্ড ক্যান্সার রিসার্চ-এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে তিনি এই কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, করোনা ভাইরাস মোকাবিলা করার জন্য ডাক্তার ও নার্স নিয়োগ দিয়েছি। এসব পদক্ষেপের ফলে করোনা ভাইরাস নিয়ন্ত্রণ রয়েছে। প্রতিটা মানুষ যাতে চিকিৎসা পায়, সেজন্য চেষ্টা করে যাচ্ছি। এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন আমার একমাত্র লক্ষ্য।

তিনি আরও বলেন, আজকে যে কুমুদিনী ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস অ্যান্ড ক্যান্সার রিসার্চের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে যাচ্ছি, তা করার ফলে মনে করি আমাদের দেশ স্বাস্থ্যখাতে আরও একধাপ এগিয়ে যাবে এবং বেসরকারি খাত আরও উৎসাহিত হয়ে আসবে, যেন এই ধরনের সেবামূলক কাজ করতে পারে।

স্বাস্থ্য শিক্ষা খাতের উন্নয়নের কথা উল্লেখ করে তিনি বলেন, আমরা প্রতিটি জেলায় সরকারি অথবা বেসরকারি উদ্যোগে বিশ্ববিদ্যালয় করে দিচ্ছি, মেডিক্যাল কলেজ করে দেওয়ার পদক্ষেপ নিয়েছি, হাসপাতাল করে দিচ্ছি এবং হাসপাতালগুলো যাতে উন্নতমানের হয় সেটারও ব্যবস্থা করে দিয়েছি, ডাক্তার-নার্স নিয়োগ দিয়েছি।

এসময় কুমুদিনী কমপ্লেক্স প্রান্তে এই সময় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান, কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা, পরিচালক শ্রীমতি সাহা উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর