সদরঘাট থেকে চাঁদপুরে পিকনিকের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি লঞ্চে অভিযান চালিয়ে মাদক, জুয়া ও অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৯৬ জনকে গ্রেফতার করেছে র্যাব। এদের মধ্যে ৪৯ জন নারী ও ৪৭ জন পুরুষ।
শুক্রবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে বুড়িগঙ্গা নদীর দক্ষিণ কেরানীগঞ্জের পানগাঁও থেকে এমভি রয়েল ক্রুজ-২ নামের লঞ্চটিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
শনিবার (১৩ ফেব্রুয়ারি) বিকালে র্যাব-১০ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা থেকে চাঁদপুরগামী এম ভি রয়েল ক্রুজ-২ নামের একটি বিলাসবহুল লঞ্চে মাদক, জুয়া ও নারীদের দিয়ে অসামাজিক কার্যকলাপ হবে এমন তথ্যের ভিত্তিতে র্যাবের কয়েকজন সদস্য সাধারণ যাত্রী বেশে সদরঘাট থেকে ওই লঞ্চে উঠেন। পরে লঞ্চটিতে আভিযান চালিয়ে ১৩০ পিস ইয়াবা ট্যাবলেট, ১০৫ লিটার দেশে তৈরি চোলাই মদ, ২ লিটার বিদেশি মদ, ২০০ গ্রাম গাঁজা, ৮৩২ পিস জুয়া খেলার কার্ড (তাস), ৩০ পিস ছবি, একটি ব্যানার, ২টি জি-লুব্রিকেটিং জেল, ২ বোতল ভিগোসা শরবত, ১ বোতল তনু লায়ন ফ্রুট সিরাপ, ১ বোতল শুভ আজমেরী গোল্ড সিরাপ ৫০ মিলি, নগদ ৩ লাখ ৫২ হাজার টাকা জব্দ করা হয়েছে। একই সঙ্গে বিলাসবহুল লঞ্চটিও জব্দ করা হয়েছে।
অভিযান আটককৃতদের মধ্যে ৮৯ জনের বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপ, ১০ জনের বিরুদ্ধে জুয়া খেলা ও ৭ জনের বিরুদ্ধে মাদকের অভিযোগে মামলা দায়ের করে র্যাব।
বার্তাবাজার/পি