প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের করা ৪০৯ রানের জবাবে ব্যাট করতে নেমে ২৯৬ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ইনিংসে ১৭৭ রানে অলআউট হয়ে যায় উইন্ডিজরা।
যার ফলে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৩১ রান। ২৩১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সতর্কতার সাথে দ্রুত রান তুলতে থাকেন দুই ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকার। ১০ ওভারে তাদের ব্যাট থেকে এসেছে ৪৫ রান।
তবে দলীয় ৫৯ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ দল। ৩৪ বলে ১ চারে ১৩ রান করে ব্র্যাথওয়েটের বলে কর্নওয়ালের হাতে ধরা পড়ে ফিরেন সৌম্য। অন্যদিকে ৪৪ বলে ৯ চারে হাফসেঞ্চুরি পূর্ণ করেন তামিম।
কিন্তু হাফসেঞ্চুরি হাঁকিয়ে এক বল খেলে পরের বলেই সাঝঘরে ফিরেন তিনি। মোসলেকে ক্যাচ দিয়ে ব্র্যাথওয়েটের দ্বিতীয় শিকার হন তামিম। স্কোরকার্ডে ৮ রান যোগ হতেই আরও একটি উইকেট হারায় বাংলাদেশ।
১১ রান করে কর্নওয়ালের বলে মোসলের হাতে তালুবন্দি হয়ে ফিরেন নাজমুল হোসেন শান্ত। প্রথম ইনিংসে ৪ রান করেছিলেন তিনি। দলের ব্যাটিং বিপর্যয়ে বড় স্কোর করতে ব্যর্থ হয়েছেন মুশফিকুর রহিমও। ১৪ রান করে ওয়ারিকেনের বলে উইকেটের পেছনে ধরা পড়ে ফিরেন মুশফিক।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ১০৪ রান। মুমিনুল হক ১০ ও মোহাম্মদ মিঠুন ২ রান নিয়ে ক্রিজে আছেন।
বার্তাবাজার/এস.জি