চতুর্থ ধাপে চলমান পৌরসভা নির্বাচনে ঠাকুরগাঁওয়ে ভোট জালিয়াতি ও কেন্দ্র দখলের অভিযোগ এনে আগাম ফলাফল বর্জনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
রোববার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে জেলা নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ফলাফল বর্জনের এ ঘোষণা দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বর্তমান পৌর মেয়র মির্জা ফয়সল আমীন বলেন, ভোটের আগের রাত থেকেই পৌরসভার প্রায় সকল ভোটকেন্দ্র দখল নেয় আওয়ামী লীগের লোকজন। ২১ কেন্দ্রের প্রতিটিতে আওয়ামী লীগের এজেন্টরা ভোটারদের জোর করে নৌকা মার্কায় ভোট দিতে বাধ্য করছে এবং কাউন্সিলর ও মহিলা কাউন্সিলর পদের ভোট নিজেদের ইচ্ছামত দেওয়ার সুযোগ দিচ্ছে। গত ৫ দিন ধরে বিএনপির নেতাকর্মীদের বিনা কারণে গ্রেফতার করা হচ্ছে এবং ভোট চলাকালীন সময়েও বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছে।
এ সকল অনিয়মের বিষয়ে প্রতিকার পেতে বারবার প্রশাসন ও রিটার্নিং কর্মকর্তাকে অবগত করলেও তারা কোন ব্যবস্থা নেয়নি। তাই প্রহসনের এক তরফা এ নির্বাচনের ফলাফল বর্জন করতে আমরা বাধ্য হলাম।
মনিরুজ্জামান/বার্তাবাজার/ভি.এস