‘জামুকা’ একটি ঘৃণিত শব্দে পরিণত হচ্ছে: মেজর হাফিজ

‘রাজাকারের মত’ জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলও (জামুকা) একটি ঘৃণিত শব্দে পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন বির বিক্রম।

রোববার (১৪ ফেব্রুয়ারি) জিয়াউর রহমানের খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

সরকারকে হুঁশিয়ার করে মেজর হাফিজ বলেন, জিয়াউর রহমানের খেতাব কেড়ে নেয়ার ঘৃণ্য উদ্যোগ নিয়ে নিজেদেরকে নব্য রাজাকার বানাবেন না। আগামী প্রজন্ম আপনাদেরকে এ কাজের জন্য নব্য রাজাকার হিসেবে চিহিৃত করবে।

তিনি আরও বলেন, একটি কুচক্রীমহল মুক্তিযুদ্ধের কমান্ডারের দেয়া জিয়ার খেতাব ছিনিয়ে নেয়ার ষড়যন্ত্র করছে। জিয়া কখনো কোনো ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ছিলেন না। ১৯৭৭ সালে জিয়াকে ক্ষমতা থেকে উৎখাতের ষড়যন্ত্র করেছে মেজর ফারুক। শক্ত হাতে জিয়াউর রহমান সে বিদ্রোহ দমন করেছেন। কিন্তু সরকারের নেতারা জিয়াকে বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জড়াতে চায়। মিথ্যাকে সত্য করার চেষ্টায় লিপ্ত সরকার।

তিনি আরও বলেন, ১৯৭২ সাল থেকে মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করছে সরকার। দলীয় লোকদের মুক্তিযুদ্ধের লেবাস পরানোর চেষ্টা করছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর