ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, ‘টিকা নেওয়ার পর কোনো অসুবিধা হয়নি, ব্যথাও পাইনি, বোঝাও যায়নি’।
আজ রোববার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর মহানগর জেনারেল হাসপাতালে সস্ত্রীক কোভিড-১৯ টিকা গ্রহণের পর সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা জানান।
তাপস বলেন, আমি আর আমার স্ত্রী আজকে টিকা নিলাম। খুবই ভালো অনুভব করছি। কোনো প্রকার অসুবিধা হয়নি। ব্যথাও পায়নি, বোঝাও যায়নি। কথা বলতে বলতেই টিকা দেয়া হলো। খুবই সতর্কভাবে আমাদের প্রশিক্ষিত নার্স এই টিকা দিয়েছে।
এ সময় সবাইকে দ্রুত টিকা গ্রহণের আহ্বান জানিয়ে ফজলে নূর তাপস বলেন, ‘আমি সবাইকে আগেও নিবেদন করেছি, আবারও সবাইকে আহ্বান করবো, আপনারা সবাই নির্ভয়ে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করে যথাসময়ে টিকা নিয়ে নিন। এই টিকা নেয়ার মাধ্যমে আমরা সম্পূর্ণরূপে করোনামুক্ত হতে পারবো এবং করোনাকে জয় করবো।’
নিবন্ধন প্রক্রিয়া নিয়ে কোনো অভিযোগ পাচ্ছেন কি না, সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে ডিএসসিসি মেয়র শেখ তাপস বলেন, ‘বাংলাদেশ ডিজিটাল এখন হয়ে গেছে। সুতরাং সবাই কিন্তু এই প্রক্রিয়াটা জানে। আর যেহেতু প্রক্রিয়াটা বাংলায়, সুতারাং সবাই সহযোগিতা নিতে পারছে। এ ছাড়া করা হচ্ছে ওয়ার্ডভিত্তিক নিবন্ধন বুথ। আমাদের রেড ক্রিসেন্টের কর্মীরা কাজ করছেন। এখন পর্যন্ত তেমন কোনো অভিযোগ পাইনি। আমরা আশা করছি, সুষ্ঠুভাবেই হচ্ছে। আর টুকটাক যেসব কারিগরি সমস্যা হচ্ছে, সেগুলো সাথে সাথেই ব্যবস্থা নেয়া হচ্ছে।’
এ সময় অন্যান্যের মধ্যে মহানগর জেনারেল হাসপাতালের পরিচালক ডা. প্রকাশ চন্দ্র রায়, ডিএসসিসি সচিব আকরামুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।