রামগতি পৌর নির্বাচন: বিএনপি, জাপা ও স্বতন্ত্র প্রার্থীর ভোট বর্জন

লক্ষ্মীপুরের রামগতি পৌর নির্বাচনে অনিয়মের অভিযোগে মেয়র পদে প্রতিদ্বন্ধিতাকারী বিএনপি, জাতীয় পার্টি (জাপা) ও স্বতন্ত্র প্রার্থী ভোট বর্জন করেছেন।

ভোটকক্ষে উন্মুক্ত সীল মারা, বহিরাগতদের এনে প্রভাব বিস্তার ও এজেন্ট বের করে দেওয়াসহ বেশকিছু অভিযোগ এনে রোববার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় তারা ভোট বর্জনের ঘোষণা দেন।

প্রথমে বিএনপি প্রার্থী শাহেদ আলী পটু নির্বাচন কমিশনের সামনে এই ঘোষণা দেন। পরে একইসাথে একই অভিযোগ এনে ভোট বর্জন করেন জাতীয় পার্টির প্রার্থী আলমগীর হোসেন ও স্বতন্ত্র প্রার্থী জামাল উদ্দিন।

বিএনপির শাহেদ আলী পটু অভিযোগ করে বলেন, কালে ভিন্ন পরিবেশ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রে কেন্দ্রে আওয়ামী লীগের বহিরাগতরা প্রভাব বিস্তার করে সব কেন্দ্র থেকে তার এজেন্ট বের করে দিয়ে সবার সামনে নৌকায় ভোট দেয়া শুরু করে। প্রশাসন ও নির্বাচন কমিশনকে জানালেও কোন প্রতিকার মিলেনি। এই নির্বাচন একটি উলঙ্গ নির্বাচন।

এদিকে, একই অভিযোগ করে জাতীয় পার্টির মেয়র প্রার্থী বলেন, তিনি নিজেও ভোট দিতে পারেননি তাই অনিয়মের ভোট বর্জন করেছেন। স্বতন্ত্র মেয়র প্রার্থী জামাল উদ্দিনও নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। তবে মেয়র পদে আওয়ামী লীগের মেজবাহ উদ্দিনসহ আরও ৩ জন এবং কাউন্সিলর পদে মোট ৪৯ জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর