বিমানবন্দরের রানওয়েতে দৌড়ে গেলো গরু, বন্ধ ফ্লাইট

ব্রাহমা জাতের ৩০টি গরু যুক্তরাষ্ট্র থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামানোর পরই লঙ্কাকাণ্ড ঘটে গেল। এর মধ্যে ৪টি গরু ছুটে চলে যায় রানওয়েতে। এক পর্যায়ে গরুগুলো হাওয়া হয়ে যায়! এরপরই ওই গরু উদ্ধারে অভিযান শুরু হয়। আর অভিযানে নেমে রাতভর পেরেশানিতে কাটান দায়িত্বরত সংস্থার কর্মকর্তারা।

শুধু তাই নয়, এই গরু নিখোঁজের কারণে মধ্যপ্রাচ্যগামী একটি ফ্লাইট চলাচল বন্ধ রাখতে হয় কর্তৃপক্ষকে। আবার যেসব ফ্লাইট ওই সময়ে ঢাকায় অবতরণের কথা ছিল, সেগুলোও যথাসময়ে নামতে না পেরে আকাশে হোল্ড করতে হয়। এভাবেই বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত ১১ ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযান চলার পর রানওয়ের উল্টোপাশের জঙ্গলের ভিতর থেকে আমেরিকার বংশোদ্ভূত ব্রাহমা জাতের গরুগুলোকে ধরে আনা হলে ফ্লাইট চলাচলসহ সকল কার্যক্রম স্বাভাবিক হয়।

এ প্রসঙ্গে একজন কর্মকর্তা জানান, ‘গরুগুলো নামানোর সময় চারটি গরু এদিক সেদিক দৌড়াইয়া চলে যায়। রানওয়ের এরিয়ার মধ্যে কোথায় গিয়ে যে কোনটা লুকাইছে পরে সেটি আর খুঁজে পাচ্ছিলাম না। খোঁজাখুঁজির পর রাত সোয়া ৯টার দিকে দেখা যায় একটি গরু রানওয়েতে ঘুরতেছে। সেই গরুগুলো রাত ৩টায় উদ্ধার হয়।’

তিনি আরও বলেন, এই গরু নিয়ে লঙ্কাকাণ্ড চলার কারণে রাত সোয়া ১০টায় আবুধাবিগামী (বিজি-০২৭) ১ঘণ্টা বিলম্বের পর সেটি টেকঅফ করে। এর আগ পর্যন্ত টাওয়ার থেকে টেকঅফ করতে পারমিশন দেয়া হয়নি। তিনি বলেন, এখানেই শেষ না, বিমানের ফ্লাইটটি বিলম্বে ছাড়ার কারণে সেটি ওই দেশে অবতরণের সময় পড়ে ফগের মধ্যে (কুশায়া)। পরে সেটি আবুধাবিতে নামতে না পেরে ডাইভারড করে চলে যায় মাস্কাটে। অপরদিকে এয়ার এ্যারাবিয়া নামতে গিয়ে প্রথমে নামতে পারেনি। রাত ৩টায় গরুগুলোকে ধরে আনার পর শেষ হয় ১১ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান। এরপরই দ্বিতীয়বার এয়ার এ্যারাবিয়া, এমিরেটস এয়ারলাইন্সসহ অন্যান্য ফ্লাইট ধাপে ধাপে নামতে শুরু করে।

এদিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কাস্টম হাউজের ডেপুটি কমিশনার (প্রিভেনটিভ) মোহাম্মদ আব্দুস সাদেক সাংবাদিকদের জানান, যুক্তরাষ্ট্র সরকারের নথিতে স্পষ্ট উল্লেখ রয়েছে, গরুগুলো ব্রাহমা জাতের গরু। এরপর আমাদের প্রাণিসম্পদ অধিদফতরের কর্মকর্তা এসে গরুর জাত নিশ্চিত করেছেন। ঘোষণা বহির্ভূতভাবে আনায় সেগুলো জব্দ করা হয়েছে। তিনি জানান, সাময়িকভাবে সংরক্ষণের জন্য গরুগুলোকে সাভারের কেন্দ্রীয় গোপ্রজনন ও দুগ্ধ খামারে পাঠিয়ে দেয়া হয়েছে।

বার্তাবাজার/ভি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর