ঢাকা টেস্ট জিততে বাংলাদেশের লক্ষ্য ২৩১

প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের করা ৪০৯ রানের জবাবে ব্যাট করতে নেমে ২৯৬ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। ৩ উইকেট হারিয়ে ৪১ রান করে তৃতীয় দিন শেষ করেছিল ওয়েস্ট ইন্ডিজ।

১৫৪ রানে এগিয়ে থেকে আজ চতুর্থ দিনে মাঠে নামে ওয়েস্ট ইন্ডিজ। দিনের শুরুতেই উইন্ডিজ শিবিরে জোড়া আঘাত হানেন আবু জায়েদ রাহী। ২ রান করে রাহীর বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে ফিরেন জোমেল ওয়ারিকেন।

প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও রাহীর বলে ফিরেছেন কাইল মায়ার্স। ৬ রান করে লেগ বিফোরের ফাঁদে পড়ে সাঝঘরে ফিরেন চট্টগ্রাম টেস্টের এই নায়ক। স্কোরকার্ডে ১১ রান যোগ করে ষষ্ঠ উইকেট হারায় উইন্ডিজরা।

ছক্কা মেরে রানের খাতা খোলা জার্মেইন ব্ল্যাকউড তাইজুলের বল ড্রাইভ করতে গিয়ে মিস করেন। উইকেটের পেছনে থাকা লিটন দাস সেই সুযোগ কাজে লাগিয়ে স্ট্যাম্প ভেঙে দেন। স্ট্যাম্পিংয়ের শিকার হয়ে ৯ রান করে সাঝঘরে ফিরেন তিনি।

লাঞ্চ বিরতির পর মাঠে নেমে ব্যাটিং ধস নামে ওয়েস্ট ইন্ডিজের। উইন্ডিজ শিবিরে ফের জোড়া আঘাত হানেন তাইজুল। ২০ রান করে সৌম্যকে ক্যাচ দিয়ে জশুয়া ডি সিলভা ও ৯ রান করে নাজমুল হোসেন শান্তর হাতে ধরা পড়ে ফিরেন আলজারি জোসেফ।

তাইজুলের পর জোড়া উইকেট শিকার করেন নাঈম হাসান। ক্রিজের এক প্রান্ত আগলে রাখা এনক্রুমাহ বোনারকে সাঝঘরে পাঠান তিনি। নাঈমের বলে বোল্ড হয়ে ৩৮ রান করে ফিরেন তিনি। অন্যদিকে ১ রান করে নাঈমের বলে মুশফিকের হাতে তালুবন্দি হয়ে সাঝঘরে ফিরেন রাকিম কর্নওয়াল।

এর ফলে ১১৭ রানেই অলআউট হয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ। ঢাকা টেস্ট জিততে বাংলাদেশের প্রয়োজন ২৩১ রান।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর