জাতীয় নিউজ পোর্টাল বার্তা বাজারের যশোর প্রতিনিধি লোকমান হোসেন রানা (৩৩) আর নেই। শনিবার (১৩ ফেব্রুয়ারি) দিনগত রাতে এক সড়ক দূর্ঘটনায় তিনি মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
নিহত লোকমান বেনাপোল পৌরসভার কাগজপুকুর উত্তর অংশের মো. আব্দুস সামাদের ছেলে। তিনি সাংবাদিকতার পাশাপাশি বেনাপোল বন্দরে সিএন্ডএফ এজেন্টস ষ্টাফ হিসেবে কর্মরত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে লোকমান হোসেনের আত্মীয় তাসলিমা আক্তার জানান, শনিবার বিকালে বেনাপোল বন্দরের রপ্তানি টার্মিনালের বিপরীতে সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হন লোকমান। স্থানীয়রা তাকে উদ্ধার করে নাভারণ বুরুজবাগান হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাকে পাঠানো হয় যশোর সদর হাসপাতালে।
অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর আহত লোকমানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ঢাকায় আনার পথে মানিকগঞ্জের কাছে তিনি মারা যান।
নিহত লোকমান ব্যক্তিগত জীবনে বিবাহিত ছিলেন। তার দু’টো সন্তান রয়েছে।
লোকমানের অকাল মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বার্তা বাজারের প্রকাশক ও সম্পাদক নাছির উদ্দিন পাটোয়ারী। তিনি নিহতের আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
বার্তাবাজার/এসজে