বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনশেষে ১৫৪ রানে এগিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে তাদের করা ৪০৯ রানের জবাবে ব্যাট করতে নেমে ২৯৬ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ।
যার ফলে ১১৩ রানের লিড পায় ওয়েস্ট ইন্ডিজ। নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে ৪১ রান করে তৃতীয় দিন শেষ করেছে উইন্ডিজরা। তাদের হাতে আছে আরও ৭ উইকেট।
চতুর্থ দিনে স্কোরকার্ডে আরও আড়াইশ রান যোগ করে বাংলাদেশকে ৪০০ রানের টার্গেট দিতে চায় উইন্ডিজরা। ম্যাচশেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এমনটিই জানিয়েছেন উইন্ডিজ স্পিনার রাকিম কর্নওয়াল।
তিনি বলেন, কত লক্ষ্য দিতে চাই সেটা এখনই বলা যাচ্ছে না। লাঞ্চে আমরা ভালো অবস্থানে থাকলে তাদের ভালো একটি টার্গেট দিতে পারব।
তিনি আরও বলেন, আমার মনে হয়, তাদের ৪০০ রানের বেশি টার্গেট দিতে পারলে তা আমাদের জন্যই ভালো। কাল শুরুটা ভালো করতে পারলে পরে বাংলাদেশকে আমরা আক্রমণ করতে পারব।
বার্তাবাজার/এস.জি