রাজবাড়ীর দৌলতদিয়ায় যাত্রীবাহী লঞ্চ ও একটি তেলবাহী ট্যাংকারের সংঘর্ষ হয়েছে। এসময় লঞ্চের উপরিভাগে থাকা যাত্রীরা ছিটকে পানিতে পড়ে যান। ভয়ে ঝাপ দেন আরও অন্তত ১০ জন যাত্রী। তবে এই ঘটনায় কোনো হতাহত হয়নি। দেড় শতাধিক যাত্রীর সবাই নিরাপদে উদ্ধার হয়েছেন।
শনিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে দৌলতদিয়া ঘাটের কাছে পদ্মা নদীর মাঝে এই দুর্ঘটনা ঘটে।
জানা যায়, পাটুরিয়া থেকে দেড় শতাধিক যাত্রী নিয়ে এমভি ফ্লাইং বার্ড-২ দৌলতদিয়া ঘাটের উদ্দেশ্যে রওয়ানা দেয়। পথে চট্টগ্রাম থেকে সিরজাগঞ্জ অভিমুখে যাওয়া ওয়েল ট্যাংকি সাংহাই-৪ এর সঙ্গে ধাক্কা লাগে লঞ্চটির। পরে ওয়েল ট্যাংকারে থাকা কর্মীরা এবং নদীতে মাছধরা ট্রলার ও অপর একটি লঞ্চ এসে সবাইকে উদ্ধার করে। দুর্ঘটনায় লঞ্চের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়।
বিআইডব্লিউটিএর স্থানীয় ট্রাফিক ইন্সপেক্টর আফতাব উদ্দিন বলেন, দ্রুতগতিতে পাল্লা দিয়ে দুটি ওয়েল ট্যাংকার চলার কারণে এ দুর্ঘটনাটি ঘটে। তিনি লঞ্চের চালকদের আরও সতর্কতার সঙ্গে সবদিক খেয়াল রেখে লঞ্চ চালানোর ব্যাপারে পরামর্শ দেন।
বার্তাবাজার/এসজে