আগুনে পুড়িয়ে প্রতিপক্ষের পরিবারকে হত্যা চেষ্টার অভিযোগ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় গভীর রাতে সাংস্কৃতিক কর্মী গাজী শামসুজ্জামান খোকনের পরিবারকে পুড়িয়ে মারতে তার বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

উপজেলার চতুল ইউনিয়নের পোয়াইল গ্রামে শনিবার গভীর রাতে গাজী খোকনের বাড়িতে এ ঘটনা ঘটে। এতে ঘরের আসবাবপত্র কাপড় চোপড় ও নগদ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্থ পরিবার। অপরদিকে শুক্রবার সন্ধ্যায় গাজী শামচুজ্জামান খোকনের প্রতিপক্ষ ওমর আলী মোল্যার ঘরের বেড়ায় ও পাটখড়ির মাচায় আগুন দেয় দুর্বৃত্তরা। শনিবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন বোয়ালমারী থানা পুলিশ।

এলাকা সূত্রে জানা যায়, উপজেলার চতুল ইউনিয়নের পোয়াইল গ্রামে স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন বিরোধ চলে আসছে স্থানীয় আওয়ামীলীগের দুই গ্রুপের মধ্যে। স্থানীয় ভাবে যার একগ্রুপের নেতৃত্ব দেন ইউনিয়ন যুবলীগের সাবেক আহবায়ক জামাল মাতুব্বর ও অপর পক্ষের নেতৃত্ব দেন ওয়ার্ড আওয়ামী লীগ নেতা হাসমত শেখ। শুক্রবার সন্ধ্যায় জামাল মাতুব্বরের সমর্থক ওমর আলী মোল্যার ঘরের বেড়ায় ও পাটখড়ির মাচায় আগুন দেয় দুর্বৃত্তরা। পরে শনিবার রাত আনুমানিক দেড়টার দিকে ওয়ার্ড আওয়ামী লীগ নেতা হাসমত পক্ষের সমর্থক গাজী শামচুজ্জামান খোকনের ঘরে আগুন দেয় দুর্বৃত্তরা। গাজী খোকন হাসমত পক্ষের সমর্থক। এর আগে দুই গ্রুপের বিরোধের জেরে গ্রামটিতে কয়েকবার রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এমনকি এর আগে দুইপক্ষের সংঘর্ষে জামাল মাতুব্বরের চাচাতো ভাই দেলোয়ার মাতুব্বর নিহত হয়। আরো জানা যায়, গত ৭ ফেব্রুয়ারি চতুল ইউনিয়নের চেয়ারম্যান ও যুবলীগ নেতা শরীফ সেলিমুজ্জামান লিটুর একটি নির্বাচনী সভা বানচালের চেষ্টা করে প্রতিপক্ষরা। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। জামাল মাতুব্বর শরীফ সেলিমুজ্জামান লিটুর সমর্থক।

গাজী শামচুজ্জামান খোকন বলেন, রাত আনুমানিক দেড়টার দিকে আমার বসতঘরের পশ্চিম পার্শ্বের জানালা খুলে বিছানায় কেরোসিন তেল ঢেলে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনের ধোঁয়ার গন্ধে ঘুম ভেঙ্গে গেলে; ঘরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলছে দেখতে পাই। ঘটনার সময় বাহির থেকে প্রতিটি দরজা আটকিয়ে রেখেছিল দুর্বৃত্তরা। আমাদের শোরচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে দরজা খুলে পরিবারের সদস্যদের উদ্ধার করে আগুন নিয়ন্ত্রনে আনে।

ঘটনাস্থল পরিদর্শনকারী বোয়ালমারী থানার ওসি মোহাম্মদ নুরুল আলম জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। পোয়াইল গ্রামের দুই বাড়িতে আগুনের ঘটনা ঘটেছে। একজনের ঘরের বেড়া ও পাটখড়ির মাচা পুড়ে গেছে এবং অপরজনের ঘরের আসবাবপত্র ও লেপতোষক পুড়েছে। বিষয়টি তদন্তধীন রয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মিয়া রাকিবুল/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর