ব্রাহ্মণবাড়িয়ায় দুই যুবকের মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক ঘটনায় দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার বুধল এবং রাতে রামরাইল এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

উদ্ধারকৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ফুলবাড়িয়া গ্রামের হিরু খানের ছেলে আজিজ খান (২৭) এবং সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের মধ্যপাড়ার আবদু রউফ চৌধুরীর ছেলে শান্ত চৌধুরী (৩৩)।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের সদর উপজেলায় বুধল এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে গেলে যাত্রী আজিজ খান ঘটনাস্থলেই নিহত হয়। এ সময় আরো চার যাত্রী আহত হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। আহতদেরকেও ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। নিহত আজিজ খান ডেকোরেটার্সের কর্মচারী ছিলেন। বিভিন্ন অনুষ্ঠানে সে বয় সার্ভিস হিসেবে কাজ করতো।

অপর দিকে শুক্রবার রাতে দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের সদর উপজেলার রামরাইল এলাকা থেকে মোঃ শান্ত চৌধুরী নামক এক প্রবাসীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। শান্ত চৌধুরী সৌদি আরব প্রবাসী ছিলেন।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ আরিফুজ্জামান হিমেল বার্তা বাজারকে বলেন, দুর্ঘটনার পর আজিজ খান নামক এক যুবককে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিলো। তার মাথায় আঘাতের চিহ্ন ছিল।

এ ব্যাপারে খাঁটিহাতা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী শাখাওয়াত হোসেন বার্তা বাজারকে বলেন, মহাসড়কের পাশে শান্ত চৌধুরীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

তিনি বার্তা বাজারকে আরো বলেন, সম্ভবত সড়ক দুর্ঘটনায় প্রবাসী শান্ত চৌধুরী মারা গেছেন। শনিবার ময়নাতদন্ত শেষে তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় কেউ মামলা দায়ের করেনি।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুর রহিম বার্তা বাজারকে বলেন, শুক্রবার সন্ধ্যায় বুধল এলাকায় সড়ক দুর্ঘটনায় আজিজ খান নামক এক যুবক মারা গেছেন। এ ঘটনায় থানায় কোন মামলা দায়ের করা হয়নি।

মোঃ রাসেল আহমেদ/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর