বিএনপির নির্বাচন বিমুখ রাজনীতি, অপপ্রচার ও ষড়যন্ত্র অব্যহত থাকায় দেশের গণতন্ত্র বারবার হোঁচট খাচ্ছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শনিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে সংসদ ভবন এলাকায় অবস্থিত নিজের সরকারি বাসভবন থেকে অনলাইনে ব্রিফংকালে তিনি এ কথা বলেন।
কাদের বলেন, গণতন্ত্রকে এগিয়ে নিতে বিএনপিই কৃত্রিম বাধা তৈরি করছে।মুক্তিযুদ্ধের মীমাংসিত বিষয়ে প্রশ্নবিদ্ধ করার অধিকার কারো নেই।
প্রকৃতপক্ষে দীর্ঘদিন ধরে তাদের নেতৃত্বে স্বাধীনতার চেতনাবিরোধী অপশক্তি যেভাবে ইতিহাস বিকৃতি ঘটিয়েছে, তার বিপরীতে নতুন প্রজন্ম এখন সত্যিকারের ইতিহাস জানতে পারছে।
তিনি বলেন, কারা মুক্তিযুদ্ধের মহানায়ককে সপরিবারে হত্যার বেনিফিশিয়ারি, কারা এ দেশে খুনিদের বিচার চাওয়ার অধিকার হরণ করেছিলো—তা নতুন প্রজন্ম জানতে পারছে বলে বিএনপির গাত্রদাহ শুরু হয়েছে। বিএনপিই এ দেশে স্বাধীনতার ইতিহাস বিকৃতির জনক। বিএনপি মুখোশের আড়ালে স্বাধীনতাবিরোধী উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়নের পৃষ্ঠপোষক।
চতুর্থ ধাপের পৌর নির্বাচন সম্পর্কে তিনি বলেন, শেখ হাসিনা সরকার জনগণের মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী এবং গণতান্ত্রিক মূলবোধের প্রতি শ্রদ্ধাশীল। আগের তিন ধাপের নির্বাচনের ধারাবাহিকতায় আগামীকালের নির্বাচনও সুষ্ঠু, অবাধ এবং শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে। সরকার পৌরসভা নির্বাচনে ভোটারদের অবাধ ভোটাধিকার প্রয়োগে কোনো রূপ হস্তেক্ষেপ করবে না।
তিনি আরও বলেন, একটি অংশগ্রহণমূলক শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে কমিশন স্বাধীন ও কর্তৃত্বপূর্ণ ভূমিকা পালনে বরাবরের মতো আগামীকালও সক্রিয় থাকবে বলে মনে করি। নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী সরকার তাদের সব ধরনের সহায়তা দিয়ে যাচ্ছে।
বার্তাবাজার/এসজে