ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে হারের পর আজ দ্বিতীয় টেস্টে মাঠে নেমেছে ভারত। প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি তাদের। দলীয় ১ রানে প্রথম উইকেট হারায় ভারত।
রানের খাতা না খুলে ওলি স্টোনের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে ফিরেন শুভমান গিল। দ্রুত প্রথম উইকেট হারালেও দ্বিতীয় উইকেটে প্রতিরোধ গড়েন রোহিত শর্মা ও চেতেশ্বর পূজারা। ৮৪ রানের জুটি গড়েন তারা।
২১ রান করে জ্যাক লিচের বলে স্টোকসকে ক্যাচ দিয়ে সাঝঘরে ফিরেন পূজারা। এরপর মঈন আলীর বলে বোল্ড হয়ে রানের খাতা না খুলে ফিরেন অধিনায়ক বিরাট কোহলি। ৮৬ রানে ৩ উইকেট হারিয়ে বসে ভারত।
কোহলির বিদায়ের পর আজিঙ্কা রাহানেকে নিয়ে প্রতিরোধ গড়েন রোহিত। ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। ১৩০ বলে ১৪ চার ও ২ ছয়ে সেঞ্চুরি পূর্ণ করেন রোহিত। বিপর্যয় কাটিয়ে রাহানেকে নিয়ে এগিয়ে যাচ্ছেন তিনি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ১৮০ রান। রোহিত ১২৪ ও রাহানে ৩৫ রান নিয়ে ক্রিজে আছেন।
বার্তাবাজার/এস.জি