মসজিদ-মাদ্রাসা উচ্ছেদের প্রতিবাদে আইভীর বিরুদ্ধে না’গঞ্জে সমাবেশ
মসজিদ ও মাদ্রাসায় উচ্ছেদ অভিযান বন্ধ করতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আলোচিত মেয়র সেলিনা হায়াত আইভীর বিরুদ্ধে সমাবেশ করেছে মহানগর ওলামা পরিষদ ও স্থানীয় জনতা।
শুক্রবার (১২ ফেব্রুয়ারি) বিকালে নারায়ণগঞ্জের চাষাঢ়া এলাকায় অবস্থিত বাগে জান্নাত মসজিদের পাশের সড়কে আয়োজিত বিক্ষোভ সমাবেশে আলেমগণ এই বিক্ষোভ করেন।
আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিটাগাং রোড মাদানীনগর মাদ্রাসার প্রধান মুফতি ও নারায়ণগঞ্জ জেলা ফেজাতে ইসলামের সাধারণ সম্পাদক মুফতি বশিরউল্লাহ। সভাপতিত্ব করেন মহানগর ওলামা পরিষদের সভাপতি মাওলানা ফেরদৌসুর রহমান।
মুফতি বশির উল্লাহ বলেন, ফতুল্লার মাসদাইর কবরস্থানে একটি মাদরাসা ছিল। সেটি সিটি করপোরেশনের মেয়র আইভী উচ্ছেদ করে দিয়েছেন। এ ঘটনায় আমরা খুব আঘাত পেয়েছি। কিন্তু সিটি করপোরেশনের মেয়র আইভী এবার শহরের চাষাঢ়া বাগে জান্নাত মসজিদ সংলগ্ন মাদরাসা উচ্ছেদের জন্য চিঠি দিয়েছেন। এমনকি তিনি নিজে এসে নাকি মাদরাসাটি উচ্ছেদের তাগাদা দিয়েছেন। আমরা পরিষ্কার করে বলতে চাই, মসজিদ-মাদরাসায় হাত দিলে দেশের আলেম ওলামারা বসে থাকবে না। আল্লাহর ঘর রক্ষায় বুকের তাজা রক্ষ দেয়ার ইতিহাস আমাদের জন্য সামান্য বিষয়।’
সমাবেশের সভাপরি মাওলানা ফেরদৌসুর রহমান কঠিন ভাষায় আইভিকে হুশিয়ার করে বলেন, আপনি প্রধানমন্ত্রীর চেয়েও ক্ষমতাবান নন। প্রধানমন্ত্রী এই মাদরাসাকে মাস্টার্স সম্মাননা দিয়েছেন। আর আপনি আসছেন মাদরাসা উচ্ছেদ করতে। আপনি যত শক্তি নিয়ে আসেন মাদরাসা উচ্ছেদ করতে সফল হবেন না।
তিনি আরও বলেন, মসজিদ মাদরাসাসহ ধর্মীয় উপাসনালয় উচ্ছেদ উদ্যোগ নেয়ায় জনগণকে ভোট না দেয়ার আহ্বান জানিয়ে প্রতিটি এলাকায় আইভী ঠেকাও স্লোগান তোলা হবে।
বার্তাবাজার/এসজে