কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরায় সম্প্রতি প্রকাশ হওয়া আলোচিত প্রতিবেদনটি আজগুবি বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। একইসাথে এই প্রতিবেদন মিথ্যা প্রমাণিত হবে বলেও তিনি মন্তব্য করেন।
শুক্রবার (১২ ফেব্রুয়ারি) বিকালে সংসদ ভবন এলাকায় অবস্থিত তার সরকারি বাসভবন থেকে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এই মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, আল জাজিরার বিভ্রান্তিমূলক অপপ্রচারের নেপথ্যে দেশ-বিদেশে কারা জড়িত তা খুঁজে বের করা হচ্ছে। অতীতেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অপপ্রচার ও গুজব ছড়ানো হয়েছিলো, যা পরে মিথ্যা প্রমাণিত হয়
তিনি বলেন, দেশে বিদেশে একটি রাজনৈতিক স্বার্থান্বেষী মহল সরকার ও আওয়ামী লীগের ঐক্যে ফাটল ধরানোর জন্য সুগভীর ষড়যন্ত্রে লিপ্ত । কিন্তু আওয়ামী লীগ বাংলাদেশের মাটি ও মানুষের দল,এ দলের শিকড় অনেক গভীরে প্রোথিত। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সুদৃঢ় ভাবে ঐক্যবদ্ধ। এ ঐক্যে ফাটল ধরানোর কোন ষড়যন্ত্রই কাজে আসবে না।
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বসুরহাট পৌর মেয়র ও তার ভাই কাদের মির্জার গাড়িতে হামলার বিষয়ে তিনি বলেন, ইতিমধ্যেই চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি, সিএমপি কমিশনার, ও ফেণীর পুলিশ সুপারের সাথে এ বিষয়ে কথা হয়েছে। সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থাকে তদন্ত করার মাধ্যমে সঠিক তথ্য উদঘাটন করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
মাদারীপুরের ওক নেতাকে পুলিশ দিয়ে দলীয় কার্যালয়ে ডেকে আনার বিষয়ে তিনি বলেন, আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল,দলীয় অফিসে কোন নেতাকর্মীকে পুলিশ দিয়ে ডাকার দৃষ্টান্ত নেই,কাউকে সাংগঠনিক প্রয়োজন হলে অফিস থেকে এসএমএস অথবা ফোন করে ডাকা হয়।
বার্তাবাজার/এসজে