রাতের আঁধারে দুর্বৃত্তদের অতর্কিত হামলায় ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ৪নং টগরবন্ধ ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মো. হোসাইন শেখের ডান হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে।
শুক্রবার (১২ ফেব্রুয়ারি) রাতে তার পিতা সাবেক ইউপি সদস্য ও বীর মুক্তিযোদ্ধা কুদ্দুস শেখ বিষয়টি বার্তা বাজারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে বাজার থেকে তার নিজ বাড়ি বড়ভাগ গ্রামে ফিরছিল হোসাইন। বাড়ির নিকটে আসলে পূর্বপরিকল্পিত ভাবে ওঁৎ পেতে থাকা ৮-১০ জনের একটি দুর্বৃত্তের দল তার ওপর দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালিয়ে ডান হাত ও দু’পায়ে মারাত্মক কুপিয়ে জখম করে। এসময় তার আত্মচিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তের দল দৌঁড়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজান তাকে উদ্ধার করে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা হেল্থ এইড প্রাইভেট হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার শরীরের বিভিন্ন জখমের স্থানে সেলাই দেওয়া হলেও শেষ পর্যন্ত তার ডান হাতের কব্জি রক্ষা করা সম্ভব হয়নি। পরে বিকাল ৩টার সময় তাকে পঙ্গু হাসপাতালে নেওয়া হয়।
আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. ওয়াহিদুজ্জামান বার্তা বাজারকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মিয়া রাকিবুল/বার্তাবাজার/এ.আর