ইলিশায় সম্ভাব্য মেম্বার প্রার্থীর বিয়ে বাণিজ্যের প্রতিবাদে বিক্ষোভ

ভোলা সদর উপজেলার ২নং ইলিশা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সম্ভব্য মেম্বার প্রার্থী রফিক খন্দকার এর বিয়ে বাণিজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উম্মে কুলসুম হাফেজিয়া মাদ্রাসা থেকে এলাকাবাসী মিছিলটি শুরু করে ভোলা লক্ষ্মীপুর সড়কে এসে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে এলাকাবাসী দাবী করেন, সম্ভব্য মেম্বার প্রার্থী এবং ওয়ার্ড আওয়ামী লীগ এর সভাপতি রফিক খন্দকার কোনো কাজকর্ম করেন না বরং যেখানে যায়, সেখানেই একটি বিয়ে করেন। গত কয়েকদিন আগে তালাক দিয়ে এখন আবার সেই মহিলা কে নিয়ে সংসার করেন।

এলাকাবাসী বলেন, আমরা প্রতিবাদ করলে তিনি মামলার ভয় দেখিয়ে চুপ রাখেন। এলাকার যুব সমাজ দিনদিন খারাপ হয়ে যাবে। একজন সমাজ প্রতিনিধির এমন বিয়ে বাণিজ্যের কারনে আজ আমরা রাস্তায় বিক্ষোভ মিছিল করতে নেমেছি।

বিক্ষোভ মিছিলকারী রুবেল বার্তা বাজারকে বলেন, আমরা জননেতা তোফায়েল আহমেদ এমপি মহোদয়সহ জেলা আওয়ামী লীগ নেতাদের এবং প্রশাসনের কাছে জোর অনুরোধ জানাচ্ছি রফিক খন্দকারের এই বিয়ে বাণিজ্য বন্ধ করার জন্য।

এই বিষয়ে উম্মে কুলসুম হাফেজিয়া মাদ্রাসার সুপার মাওলানা নুরনবী বার্তা বাজারকে বলেন, আমরা শুনেছি তবে এটা দুঃখজনক।

এই বিষয়ে রফিক খন্দকার বার্তা বাজারকে বলেন, আমি একটা কেনো ২০ টা বিয়ে করবো! তাতে কার কি? বেশি বাড়াবাড়ি করলে মানহানি মামলা দিয়ে দিবো সব সালাকে, যারা মিছিল করেছে তাদের ভিডিওটা রেখে দিন, আপনাদের খরচ দিবো।

তবে যেই মহিলার সাথে তালাক হয়েছে সেই মহিলার বক্তব্য নেওয়ার চেষ্টা করলেও তাকে পাওয়া যাইনি।

এই বিষয়ে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ ফরিদ উদ্দিন বার্তা বাজারকে বলেন, আমাকে কেউ এখনো অভিযোগ করেনি।

মোঃঅনিক/বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর