লালমনিরহাটের পাটগ্রাম পৌরসভার ৪ নং ওয়ার্ড রহমানপুর গ্রামে প্রতিবেশী শাহিদা বেগম (৪৫) নামের এক নারীকে মারধোরের অভিযোগে সাবেক কাউন্সিলর ও বিএনপির নেতা মো.শাহিনুর আরেফিন রতন (৪৬) ও তার ভাই পাটগ্রাম উপজেলা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান সনেটকে (২৫) গ্রেফতার করেছে পাটগ্রাম থানা পুলিশ।
শুক্রবার (১২ ফেব্রুয়ারি) ভোর রাতে তাদের গ্রেফতার করে পাটগ্রাম থানা পুলিশ।
অভিযোগ সূত্রে জানা যায়, পাটগ্রাম পৌরসভার রহমানপুর গ্রামের বাসিন্দা শাহিদা বেগম। প্রতিবেশী সাবেক কাউন্সিলর ও বিএনপির নেতা শাহিনুর আরেফিন রতন ও তার ভাই পাটগ্রাম উপজেলা ছাত্রদলের আহবায়ক মেহেদি হাসান সনেটদের পরিবারের সাথে দীর্ঘদিন ধরে শাহিদা বেগমের পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে মনোমালিন্য ছিলো। শাহিদা বেগম গত রবিবার (৭ ফেব্রুয়ারি) আরেক প্রতিবেশী মিঠু মিয়ার বাড়িতে বেড়াতে গেলে ওই সাবেক কাউন্সিলর ও বিএনপির নেতার নেতৃত্বে চার-পাঁচজনের একটি দুর্বৃত্তের দল শাহিদা বেগমকে ঘেরাও করে দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে গুরুত্বর আহত করেন। পরে স্থানীয় লোকজন এসে শাহিদা বেগমকে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করান।
এ বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মোহন্ত বার্তা বাজারকে জানান, শাহিদা বেগমের দেয়া মামলায় অভিযুক্ত সাবেক কাউন্সিলর ও তার ভাইকে গ্রেফতার করা হয়েছে। আজ সকালে তাদের কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারের চেষ্ঠা চলমান রয়েছে।
প্রদীপ কুমার আচার্য্য/বার্তাবাজার/হৃ.আর