সুদের টাকা আদায় করতে মা-মেয়েকে গাছের সাথে বেঁধে নির্যাতন (ভিডিওসহ)
গাজীপুরের কালিয়াকৈরে সুদের টাকা আদায়ের জন্য এক স্বামীহারা নারী ও তার কিশোরী কন্যাকে গাছে বেঁধে নির্যাতন করার অভিযোগ ওঠেছে। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) উপজেলার সিরাজপুর এলাকায় এই ঘটনা ঘটে। একইদিন বিকালেই ভুক্তভোগীদ্বয় অভিযোগ দায়ের করেন কালিয়াকৈর থানায়।
নির্যাতনের শিকার ওই নারীর নাম মমতাজ বেগম (৩৫)। তিনি একই এলাকার মৃত আব্দুর রশিদের স্ত্রী। ও তার দশম শ্রেণিতে পড়ূয়া মেয়ে মাহবুবা আক্তার ঝুমা (১৬)।
জানা যায়, ৫ বছর আগে মারা যান মমতাজ বেগমের স্বামী আব্দুর রশিদ। এরপর স্থানীয় একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করে মমতাজ বেগম তার মেয়েকে নিয়ে দিন গুজরান করছিলেন। অভাব অনটনের সংসারে স্থানীয় সুদের কারবারিদের কাছ থেকে কিছু টাকা সুদে এনেছিলেন তিনি।
তবে টাকা নেওয়ার মাস দুয়েক না যেতেই পাওনা আদায়ে চাপ দিতে থাকে কারবারিরা। গত ১ ফেব্রুয়ারি স্থানীয় ইউপি সদস্য ইব্রহিম সিকদার সমঝোতায় বসে এক মাসের সময় বেঁধে দেন পাওনা পরিশোধের জন্য।
কিন্তু বেঁধে দেওয়া সময় শেষ হওয়ার আগেই পাওনাদার গফুর ড্রাইভার, তার স্ত্রী কুলসুম, ছেলে রিপন ও মনির এবং তার স্ত্রী শিল্পী বেগমসহ বেশ কয়েকজন মিলে বৃহস্পতিবার সকালে মমতাজ বেগমকে টাকা আদায়ের জন্য ধরে নিয়ে যায়।
বাড়ির পাশেই একটি গাছের সাথে বেঁধে চলে অকথ্য নির্যাতন। তখন মাকে বাঁচাতে পরিবারের একমাত্র সদস্য হিসেবে এগিয়ে যায় মেয়ে ঝুমা। তাকেও একই কায়দায় বেঁধে রাখা হয়। ঘন্টাখানিক নির্যাতনের পরেও কেউ এগিয়ে আসেনি উদ্ধারের জন্য।
স্থানীয় এক ইউপি সদস্য তাদেরকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। এরপর বিকালেই ৮ জনের নাম উল্লেখ করে মমতাজ বেগম কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে মমতাজ বেগম জানান, প্রতারকের খপ্পরে গচ্ছা গিয়েছে আমার ৩ লাখ টাকা। ওই টাকা গফুর ও মনিরসহ বেশ কয়েকজনের কাছ থেকে সুদের বিনিময়ে ধার আনি। টাকা ফেরত দিতে এক মাসের সময় দিয়েছে ইউপি সদস্য ইব্রাহিম। আমি টাকা দিয়ে দিবো। কিন্তু তার আগেই আমাকে ও আমার মেয়েকে এইভাবে নির্যাতন চালানো হয়েছে।
অভিযুক্ত গফুর ড্রাইভার জানান, আমাদের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমি কাউকে মারিওনি আর কিছু জানিও না।
তবে অভিযুক্ত মনিরকে ফোন করলে তার মেয়ে মুক্তা কল রিসিভ করে বলেন, আমরা মারিনি। মমতাজ বেগম তার মেয়েকে নিয়ে আমাদের মেরেছেন।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানান, এ ঘটনায় কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
https://www.facebook.com/bartavideo/posts/868451203998400
বার্তাবাজার/এসজে