যশোরের কোতয়ালী থানাধীন রেলরোড ফুড গোডাউনের সামনে থেকে একটি পিস্তল, ম্যাগাজিন, চাকু ও একটি মোটরসাইকেলসহ দুইজনকে হাতেনাতে আটক করেছে র্যাব সদস্যরা।
মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এর নেতৃত্বে একটি অভিযানিক দল কোতয়ালী থানাধীন একটি গোডাউনের সামনে অভিযান চালিয়ে পিস্তল-চাকুসহ দুইজনকে আটক করে।
আটককৃতরা হলেন- মাগুরা জেলার নান্দুয়ালী এলাকার সুশান্ত সিকদার এর ছেলে সেতু সিকদার (২৮) ও একই জেলার পারনান্দুয়ালী এলাকার আমিনুর রহমানের ছেলে আলিমুজ্জামান রথি (২৪)
যশোর র্যাব-৬, সিপিসি-৩ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার লেঃ এম সারোয়ার হুসাইন(এক্স) বার্তা বাজারকে বলেন, গোপন সংবাদে কোতয়ালী থানাধীন এলাকায় অভিযান চালিয়ে পিস্তল, ম্যাগাজিন, চাকু, নগত অর্থ ও একটি মোটরসাইকেলসহ দুইজনকে হাতেনাতে আটক করা হয়। আটক আসামীদেরকে যশোর কোতয়ালী মডেল থানায় মামলা দিয়ে হস্তান্তর করা হয়েছে।
জানা যায়, আটককৃত আলিমুজ্জামান রথি মাগুরা জেলা ছাত্রলীগের ত্রীড়া সম্পাদক পদে রয়েছেন।
মোটরসাইকেল চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে গত বছরের ১৪ মার্চ রথি পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলো। তখন তার কাছ থেকে চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করে। তখন পুলিশ জানান, রথি দক্ষিণাঞ্চলের মোটরসাইকেল চোরাই সিন্ডিকেটের অন্যতম সদস্য।
নানা ধরনের অপরাধ কর্মকান্ডের সাথে জেলা ছাত্রলীগ নেতা রথি জড়িত থাকার বিষয়ে জেলা ছাত্রলীগ সভাপতি মীর মেহেদী হাসান রুবেল
বার্তা বাজারকে জানান, তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক ছাত্রলীগের একাধিক নেতৃবৃন্দ বার্তা বাজারকে জানান, গত বছরে মোটরসাইকেল চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগ পুলিশ রথিকে গ্রেফতার করে। কিন্তু ওই সময় জেলা ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক কোন প্রকার সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করে নাই, যার কারণে রথি দিনের পর দিন অন্যায় অপকর্ম করেই যাচ্ছে। দলের ভাবমূর্তি নষ্ট করছে।
তাছিন জামান/বার্তাবাজার/এ.আর