যশোরের মনিরামপুর ঝাঁপা বাওড়ে বন্ধুদের সাথে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ হওয়া কলেজছাত্র আল ফারাহ শোয়েবের মরদেহ প্রায় ২৬ ঘণ্টা পর উদ্ধার হয়েছে।
শুক্রবার(১২ ফেব্রুয়ারি) অভিযানের দ্বিতীয় দিনের চার ঘণ্টা পর নিখোঁজ স্থানে মরদেহটি ভেসে ওঠে। বিষয়টি নিশ্চিত করেছেন মণিরামপুর ফায়ার সার্ভিসের দলনেতা আব্দুল আজিজ।
নিহত শোয়েব যশোর সরকারি সিটি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। সে যশোর কোতোয়ালি মডেল থানাধীন পুরাতন কসবা এলাকার শাহিন হোসেনের ছেলে। তার পিতা ঈগল পরিবহনের সুপারভাইজার।
মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম।
গতকাল বৃহস্পতিবার(১১ ফেব্রুয়ারি) দুপুর ১টা থেকে শোয়েবকে উদ্ধারে স্থানীয়দের সাথে পানিতে নামেন মণিরামপুর ফায়ার সার্ভিস ইউনিটের সদস্যরা। এরপর বিকেল সাড়ে তিনটা থেকে ডুবুরিরা কাজে অংশ নেন। এদিন শোয়েবের খোঁজ না পেয়ে সন্ধ্যা সাড়ে ৬টায় উদ্ধার অভিযান সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়।
আজ শুক্রবার সকাল ৯টা থেকে দ্বিতীয় দিনের মতো অভিযানে নেতৃত্ব দেন মণিরামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার আব্দুল আজিজ। তিনি জানান, দুপুর ১টার দিকে বাঁওড়ের রাজগঞ্জ কলেজ এলাকায় দুই হাত ওপরের দিকে শোয়েবের মরদেহ ভাসতে দেখেন তারা। প্যান্ট পরা শোয়েবের শরীরে জামা ছিল না। জামা খুলে এই স্থানেই শোয়েব বৃহস্পতিবার দুই বন্ধুর সাথে বাঁওড়ে লাফিয়ে পড়েছিল।
মোঃ লোকমান হোসেন/বার্তাবাজার/পি