গ্রেফতারের কয়েক ঘন্টা পরেই সিকদার গ্রুপের এমডির জামিন

সিকদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রণ হক সিকদারকে শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সকালে গ্রেফতার করেছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে একইদিন বিকালে তিনি জামিন পেয়ে গেছেন।

এক্সিম ব্যাংকের এমডিসহ দু’জনকে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় সকালে গ্রেফতারের পর কয়েক ঘন্টার ব্যবধানে তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। সেখানে শুনানি শেষে তার জামিন আবেদন মঞ্জুর করেন মহানগর হাকিম আশেক ইমাম।

শুক্রবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করে গুলশান ডিবি পুলিশের একটি দল।পরে তাকে আদালতে হাজির করে হত্যাচেষ্টা মামলার তদন্ত না হওয়া পর্যন্ত আটক রাখার আবেদন করে পুলিশ।

দুইদিন আগে সিকদার গ্রুপের চেয়ারম্যান জয়নুল হক সিকদার মারা যান। তার মৃত্যুর কারণেই রণ বিদেশ থেকে দেশে ফিরছিলেন। এসেই বিমানবন্দরে আটক হন।

২০২০ সালের মে মাসে এক্সিম ব্যাংক কর্তৃপক্ষের দায়ের করা মামলা সূত্রে জানা যায়, ৭ মে জালিয়াতির মাধ্যমে ঋণ দিতে অসম্মতি প্রদান করায় ব্যাংকটির দুই পরিচালককে আটকে রেখে নির্যাতন ও এক পর্যায়ে হত্যার চেষ্টা চালান রণ সিকদার ও তার ভাই দিপু হক সিকদার। এই ঘটনা জানাজানি হলে তারা দুই ভাই ২৫ মে দেশ ছেড়ে পালিয়ে যান।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর