স্থগিত কালকিনি পৌর নির্বাচন: প্রতিক্রিয়া জানাতে মেয়র প্রার্থীদের সংবাদ সম্মেলন

মাদারীপুরের কালকিনি পৌরসভা নির্বাচন স্থগিত করায় হতাশা প্রকাশ করেছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরাসহ সাধারন ভোটাররা। তবে প্রার্থীরা নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মেনে নিলেও দ্রুত সময়ের মধ্য নির্বাচনের তারিখ ঘোষনার দাবি জানিয়েছেন সংবাদ সম্মেলনের মাধ্যমে।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) রাতে স্থগিত হওয়া কালকিনি পৌরসভা নির্বাচনের খবর ছড়িয়ে পড়লে তাৎক্ষণিক মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন সাধারণ ভোটাররা। তাঁরা বলছেন, এত নাটকীয়তার পর শেষ মুহূর্তেই নির্বাচন স্থগিত করার কিছুই ছিল না। পুলিশ প্রশাসনের দুর্বল ভূমিকাকে দুষছেন সাধারণ ভোটাররা।

তবে জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, অনিবার্যকারণবশত নির্বাচন স্থগিত রাখা হয়েছে। প্রজ্ঞাপনে নির্বাচন স্থগিত রাখার বিষয়ে কোনো কারণ উল্লেখ করা হয়নি। আগামী রোববার হয়তো স্থগিত হওয়ার কারণ জানা যাবে।

এদিকে বৃহস্পতিবার রাত ১১টার দিকে আওয়ামী লীগের সমর্থিত নৌকা প্রতিকের মেয়র প্রার্থী এস.এম হানিফ তাঁর বাসভবনে নির্বাচন স্থগিত করার প্রতিক্রিয়ায় তাঁর বাসভবনে সংবাদ সম্মেলন করে বলেন, হঠাৎ করে নির্বাচন স্থগিত হয়েছে জানতে পেরেছি তবে কি কারনে নির্বাচন স্থগিত করা হয়েছে তা পরে খোঁজ নিলে জানতে পরবো।

তবে স্বতন্ত্র ও বিদ্রোহী প্রার্থীরা সাংবাদিকদের মাধ্যমে জানিয়েছেন স্থানীয় এমপির প্রার্থী নৌকা মার্কা হেরে যাবে সেই ভয়ে নির্বাচন স্থগিত করা হয়েছে। তারা উদ্ভট কথা কোথা থেকে পেলেন কিভবে পেলেন তা আমি জানি না। প্রার্থী কিন্তু এমপির না, প্রার্থী দিয়েছেন জননেত্রী শেখ হাসিনা। তারা শুধু শুধু এমপি সাহেবকে কি কারনে দোষারোপ করছেন সেটা আমরা জানিনা এবং এমপি সাহেবকে দোষারোপ থেকে বিরত থাকার জন্য আমরা আহ্বান জানাবো।

স্বতন্ত্র প্রার্থী মসিউর রহমানকে পুলিশ তুলে নেওয়ার ঘটনাকে এস এম হানিফ নাটকের সঙ্গে তুলনা করে বলেন, কিছুদিন আগে স্বতন্ত্র প্রার্থী একটা নাটক করেছেন। এগুলো সাধারণ জনগণ জানেন। তাঁরা নির্বাচন করলে জামানত থাকত কি না, সেই সন্দেহ ছিল। নির্বাচনে হারার ভয়ে এখন আবোলতাবোল বলছেন। স্বতন্ত্র প্রার্থী ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছেন।

এদিকে শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে বিদ্রোহী প্রার্থী সোহেল রানা মিঠু তার বাড়িতে সংবাদ সম্মেলন করে বলেন, নির্বাচনের মাত্র দুই দিন বাকি ঠিক এই মুহূর্তে সুন্দর পরিবেশ বজায় থাকা সত্তেও বিনা উস্কানিতে কেন এবং কিভাবে কালকিনি পৌরসভা নির্বাচন বাংলাদেশ নির্বাচন কমিশন গত ১১ ফেব্রুয়ারি নির্বাচন পরিচালনার সুষ্ঠু পরিবেশ না থাকার কথা উল্লেখ করে নির্বাচন স্থগিত ঘোষনা করে? আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এবং বর্তমানে কালকিনি পৌরসভার পরিবেশ সুষ্ঠু ও সুন্দর থাকা অবস্থায় অবিলম্বে পুনরায় নির্বাচনের তারিখ ঘোষনার জন্য বাংলাদেশ নির্বাচন কমিশনের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি।

জেলা নির্বাচন অফিসের সূত্র জানায়, নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয়-১ শাখার সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মোরশেদ আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য কালকিনি পৌরসভার নির্বাচন স্থগিত করার নির্দেশনা দেওয়া হয়। কালকিনি পৌরসভার মোট ভোটার সংখ্যা ৩৩ হাজার ৪০০। নারী ভোটার সংখ্যা ১৬ হাজার ৭০০ ও পুরুষ ভোটার ১৭ হাজার ৩০০ জন। চতুর্থ ধাপে কালকিনি পৌরসভার এই নির্বাচন ইভিএমের মাধ্যমে হওয়ার প্রস্তুতি ছিল।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর