ওপার বাংলার জনপ্রিয় নায়িকা রূপসা মুখোপাধ্যায়। ‘কে তুমি নন্দিনী’ ছবিতে অভিনয় করার পর বাংলাদেশেও পরিচিতি পান তিনি। এবার টালিগঞ্জের পর ঢালিউডের ছবিতে দেখা যাবে তাঁকে।
এফডিসিতে ১০ ফেব্রুয়ারি থেকে ‘গ্যাংস্টার’ ছবির শুটিং করছেন তিনি। শাহীন সুমনের পরিচালনায় বাংলাদেশের শান্ত খানকে ছবিতে রূপসার সঙ্গে দেখা যাবে। রূপসা জানান, ‘বাংলাদেশের প্রতি আলাদা একটা টান রয়েছে। আমি বাংলাদেশের ছবি দেখি। শাহীন সুমন দাদা গুণী পরিচালক। তাছাড়া ছবির প্রযোজনা প্রতিষ্ঠান এর আগে ভারতের সানি লিওন, শ্রাবন্তী ও দেবের মতো জনপ্রিয় শিল্পী নিয়ে কাজ করেছে। তাই ছবিটিতে কাজ করার ইচ্ছে ছিল।’
১৮ ফেব্রুয়ারি পর্যন্ত নিজের অংশের শুটিং শেষ করে আবার কলকাতায় ফিরে যাবেন রূপসা। পরে এই ছবির গানের শুটিংয়ে অংশ নেবেন। দুবাই ও ব্যাংককে যেগুলোর শুটিং হওয়ার কথা। সব কিছু ঠিক থাকলে রোজার ঈদেই ‘গ্যাংস্টার’ মুক্তি পাবে।
রূপসা ছাড়াও ছবিটিতে আছেন কলকাতার আরেক অভিনেতা রজতাভ দত্ত।
বার্তাবাজার/ভি.এস