খুলনার শিববাড়ী মোড় এলাকা থেকে সোহাগ পরিবহণের ভেতর থেকে সাব্বির (২৫) নামে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১২ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে লাশটি পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
সোহাগ পরিবহনের কর্মকর্তারা বলেন, জিয়া হলের সামনে দাঁড়িয়ে থাকা সোহাগ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব-১৪-৭১৫৩) বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে শিববাড়ী মোড়ে জিয়া হলের সামনে এনে রাখা হয়। আজ সকালে বাসটি ঢাকা যাওয়ার কথা ছিলো। সাব্বিরের গাড়ির মধ্যেই ঘুমানোর কথা ছিলো। কিন্তু সকালে পাওয়া যায় সাব্বিরের ক্ষতবিক্ষত লাশ। পুলিশ লাশটি উদ্ধার করেছে।
সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানান, ধারণা করা হচ্ছে, সকাল ভোরের দিকে দুর্বৃত্তরা বাসের ভেতরে ঢুকে সাব্বিরকে কুপিয়ে গুরুতর জখম করে। অতিরিক্ত রক্তক্ষরণে বাসের ভেতরেই তাঁর মৃত্যু হয়েছে। সকালে চালকের আসনের পেছনে বাসের মেঝে থেকে লাশটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কে বা কাহারা ওই ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত না করে বলা যাবে না।
বার্তাবাজার/ভি.এস