ফরিদপুরের আলফাডাঙ্গায় রাতের আঁধারে যুবলীগ নেতা হোসাইন শেখকে কুপিয়ে মারাত্মক জখম করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বড়ভাগ গ্রামে এ ঘটনা ঘটে। হোসাইন শেখ টগরবন্ধ ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য বীর মুক্তিযোদ্ধা কুদ্দুস শেখের পুত্র।
এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে হোসাইন শেখ বাজার থেকে বাড়িতে যাওয়ার সময় পূর্বপরিকল্পিত ভাবে ওঁৎ পেতে থাকা ৮-১০ জনের একটি দুর্বৃত্তের দল তার ওপর দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা করে। তারপর তার শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে মারাত্মক জখম করে। এসময় তার আত্মচিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তের দল দৌঁড়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজান তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা হেল্থ এইড প্রাইভেট হাসপাতালে নিয়ে যায়। তবে কারা এ ঘটনায় জড়িত কিংবা কী কারণে এ হামলার ঘটনা ঘটেছে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. ওয়াহিদুজ্জামান জানান, ‘ খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
মিয়া রাকিবুল/বার্তাবাজার/পি