যুবলীগ নেতার মার খেয়ে অপমানে ব্যবসায়ীর আত্মহত্যা

ঠাকুগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মাত্র ১ হাজার টাকার জন্য যুবলীগ নেতার মারধরের শিকার হয়েছেন আব্দুল গফুর (৪০) নামে এক ব্যবসায়ী। প্রকাশ্যে যুবলীগ নেতার হাতে এমন অপমান সহ্য করতে না পেরে গ্যাসের ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন তিনি। মৃত্যুর আগে রেকর্ড করা একটি ভিডিওতে জানিয়ে গিয়েছেন তার সব কথা।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার সুওদুও ইউনিয়নের ফটিয়াপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আব্দুল গফুর একই গ্রামের নেঙ্কু মোহাম্মদের ছেলে।

অভিযুক্ত জমির উদ্দিন পাশের গ্রামের পয়জার আলীর ছেলে। সে ইউনিয়নের ৬নং ওয়ার্ড যুবলীগের সভাপতি।

নিহত আব্দুল গফুরের স্ত্রী রোজিনা বেগম জানান, বৃহস্পতিবার সকালে যুবলীগ নেতা জমির উদিন টাকা চাইতে তাদের বাড়িতে আসে। বাড়িতে তার স্বামীকে না পেয়ে রাগারাগি করে বের হয়ে যান। বাজারে দেখা হলে সেখানেই লোকজনের সামনে প্রকাশ্যে তাকে মারধর করেন। পরে মার ও অপমান সহ্য করতে না পেরে বাজারের একটি দোকান থেকে গ্যাসের ট্যাবলেট কিনে খান।

প্রতিবেশি নাসিরুল ইসলাম বলেন, আব্দুল গফুরকে বাঁচাতে আমরা বালিয়াডাঙ্গী ও পরে ঠাকুরগাঁও সদর হাসপাতালেও নিয়ে গিয়েছিলাম। কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসক বলেছে গ্যাস ট্যাবলেট খাওয়া রোগীকে বাঁচানো সম্ভব নয়। পরে বিকাল তিনটার দিকে আমরা তাকে নিয়ে বাড়িতে ফিরে আসি। সেখানেই তিনি মারা যান।

হাসপাতাল থেকে ফিরে আসার পর মৃত্যুর আগ মুহুর্তে একটি রেকর্ড করা ভিডিওতে আব্দুল গফুর জানিয়েছেন, টাকার জন্য মারধর ও অপমান সহ্য করতে না পেরে তিনি গ্যাসের ট্যাবলেট খেয়েছেন।

এ বিষয়ে জানতে অভিযুক্ত যুবলীগ নেতার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

বালিয়াডাঙ্গী থানার ওসি হাবিবুল হক প্রধান জানান, আমরা খবর পেয়েছি এমন একটি ঘটনার। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর