দেশে করোনা প্রতিরোধে টিকাদান কর্মসূচীর পঞ্চম দিনে বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) টিকা নিয়েছেন ২ লাখ ৪ হাজার ৫৪০ জন মানুষ। এদের মধ্যে মাত্র ৮৬ জনের দেহে সামান্য প্বার্শপ্রতিক্রিয়া দেখা দিয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস) ও লাইন ডিরেক্টর এইচ আইএস অ্যান্ড ই-হেলথ অধ্যাপক ডা. মিজানুর রহমান সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীসহ দেশের ৪৬টি সরকারি হাসপাতাল ও অন্যান্য টিকাদান কেন্দ্রে বৃহস্পতিবার সর্বমোট ২ লাখ ৪ হাজার ৫৪০ জন টিকা নিয়েছেন। তাদের মধ্যে পুরুষের সংখ্যা ১ লাখ ৪০ হাজার ১৫২ জন। নারী আছেন ৬৪ হাজার ৩৮৮ জন। এদের মধ্যে ৮৬ জনের দেহে দেখা দিয়েছে সামান্য প্বার্শপ্রতিক্রিয়া।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই পর্যন্ত মোট টিকা নেওয়া হয়েছে ৫ লাখ ৪২ হাজার ৩০৯টি। এদের মাঝে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ৫১ হাজার ১৫৯ জন। ময়মনসিংহ বিভাগে ৯ হাজার ৩৩৭ জন, চট্টগ্রাম বিভাগে ৫২ হাজার ৮৬৯ জন টিকা নেন।
এছাড়া, রাজশাহীতে ২৩ হাজার ১৮০ জন, রংপুর বিভাগে ১৯ হাজার ৩৮০ জন, খুলনা বিভাগে ২৩ হাজার ৪৭৯ জন, বরিশাল বিভাগে ৯ হাজার ৩৯৭ জন এবং সিলেট বিভাগে ১৫ হাজার ৭৩৯ জন টিকা নেন।
বার্তাবাজার/এসজে