প্রধানমন্ত্রীর আশ্বাসে কর্মসূচি স্থগিত করলেন কাদের মির্জা

চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে শপথ অনুষ্ঠানে যাওয়ার পথে ফেনীর দাগনভূঞায় ও পরে চট্টগ্রামে সন্ত্রাসী হামলার শিকার হয়ে লাগাতার হরতালসহ নানা কর্মসূচির ডাক দিয়েছিলেন বসুরহাট পৌরসভার আলোচিত মেয়র আবদুল কাদের মির্জা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার টেলিফোনে ব্যবস্থা নেয়ার আশ্বাস পেয়ে সকল কর্মসূচি স্থগিত করার ঘোষণা দিয়েছেন তিনি। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় বসুরহাট রূপালী চত্বরে আয়োজিত বিক্ষোভ সমাবেশের বক্তব্যে এসব কথা বলেন দেশের আলোচিত মেয়র আবদুল কাদের মির্জা।

এরআগে দুই দফায় হামলার প্রতিবাদে নোয়াখালীর কোম্পানীগঞ্জে তাৎক্ষনিক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় এবং শুক্রবার হরতালের ডাক দেয়া হয়।

এ ঘটনার সংবাদ কোম্পানীগঞ্জে আসার সাথে সাথে আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা তীব্র ক্ষোভে ফেটে পড়েন। সকাল থেকে বিকাল পর্যন্ত বসুরহাট বাজারে বিক্ষোভ মিছিল ও রূপালী চত্বরে প্রতিবাদ সমাবেশ করেন।

পরে বিকেলে বসুরহাট পৌঁছে রূপালী চত্বরে নেতাকর্মীদের উদ্দেশ্যে মেয়র আবদুল কাদের মির্জা বলেন, দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আমার দীর্ঘ সময় কথা হয়েছে। তিনি মনোযোগ সহকারে আমার সবগুলো কথা শুনেছেন। আমি নোয়াখালী ও ফেনীর অপরাজনীতির বিষয়ে নেত্রীকে সব জানিয়েছি। নেত্রী এসব বিষয় খতিয়ে দেখবেন বলে আমাকে আশ্বস্ত করেছেন। আমরা কেউ সভানেত্রীর বাহিরে নই। তাঁর সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। তিনি যা নির্দেশ দেবেন দলের কর্মী হিসেবে আমাদের তা অক্ষরে অক্ষরে পালন করতে হবে। নেত্রীর সাথে আলাপ-আলোচনার প্রেক্ষিতে আমার ইতোপূর্বে ঘোষিত লাগাতার হরতাল ও ঢাকায় সংবাদ সম্মেলনসহ সকল কর্মসূচী স্থগিত করা হলো। দলের সর্বস্তরের নেতাকর্মীদেরকে ধৈর্য্য ধারণ করা এবং শান্তিপূর্ণ অবস্থানে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

এর আগে শপথ নেওয়ার জন্য চট্টগ্রামে যাওয়ার পথে দাগনভুঞা জিরো পয়েন্টে দুর্বৃত্তরা বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার গাড়িবহরে হামলা চালায়। এসময় আওয়ামী লীগ নেতা সেলিম (৫০) আহত হয়েছে।

এ বিষয়ে আবদুল কাদের মির্জা বলেন, শপথ নেওয়ার জন্য বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) ভোরে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যাওয়ার পথে দাগনভূঞার জিরো পয়েন্টে একদল দুর্বৃত্ত আমার গাড়িতে হামলা করে। সামনে একটি ট্রাক থাকায় আমার গাড়িটি পার হয়ে গেলেও পেছনের গাড়িতে দুর্বৃত্তরা ইটপাটকেল ও লাঠিসোটা নিয়ে হামলা করে এবং ডিম ছোড়ে। এতে কয়েকটি গাড়ির ব্যাপক ক্ষতি হয়। হামলায় বসুরহাট বিশিষ্ট ব্যবসায়ী ও কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সদস্য সেলিম আহত হন।

এদিকে শপথ অনুষ্ঠান শেষে চট্টগ্রামের স্থানীয় অনলাইন চ্যানেল সি-প্লাস ষ্টুডিওতে টকশো অনুষ্ঠানে তার গাড়ীবহরে হামলার ঘটনা ঘটায় দূর্বৃত্তরা। দুর্বৃত্তরা তাকে হত্যার উদ্দেশ্যে এ হামলা করেছে এমন দাবি করে তিনি বলেন, হামলা-আক্রমণ উপেক্ষা করে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও ভবিষ্যতে সত্য কথা বলে যাবেন তিনি।

বুরহান উদ্দিন মুজাক্কির/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর