টিকা না নিয়ে উপজেলা চেয়ারম্যানের ফটোসেশন

মহামারি করোনা প্রতিরোধে গণ টিকাদান কার্যক্রমের উদ্বোধন করতে গিয়ে এমন কাণ্ড ঘটিয়েছেন সিরাজগঞ্জের চৌহালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফারুক হোসেন।

জানা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওই দিন সকালে টিকাদান কার্যক্রমের উদ্বোধন শেষে প্রথম টিকা নেয়ার নামে ‘ভানকান্ড’ ঘটান তিনি। এমন ভানকান্ডের ভিডিও ফেইসবুকে ছড়িয়ে পড়লে জনমনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। সেই সাথে টিকা গ্রহণের আগ্রহ হারিয়ে ফেলেন সাধারণ মানুষ।

এ দিকে এ কান্ডে যমুনা চরাঞ্চলের সাধারণ মানুষের মাঝে টিকা গ্রহণে ভীতি সৃষ্টি হয়েছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকালে এমন তথ্যের অনুসন্ধানে গেলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল কাদের বার্তা বাজারকে বলেন, গত ৭ ফেব্রুয়ারি দেশব্যাপী করোনা ভাইরাসের ভ্যাকসিন প্রদানের কার্যক্রম উদ্বোধন হয়। যেটা দেশের সব উপজেলা, জেলা ও বিভাগীয় শহরে এ কার্যক্রমের উদ্বোধন করেন সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধি এবং প্রশাসনের কর্মকর্তারা।

সেই সুবাধে এ উপজেলায় টিকা প্রদানের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মো. ফারুক হোসেন। কিন্তু টিকা গ্রহণের পর ১ ঘন্টা বিশ্রাম নিতে হয় জেনে ওই দিন তিনি টিকা গ্রহণ না করে শুধু ফটোশেসন করেছিলো। তবে বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরের দিকে তিনি স্বাস্থ্য কমপ্লেক্সে এসে টিকা গ্রহণ করেছে। তার টিকা গ্রহণের অনলাইন আবেদন কার্ডও রয়েছে।

এ পর্যন্ত কতজন টিকা গ্রহণ করেছে অত্র উপজেলায় এমন প্রশ্নের জবাবে এ কর্মকর্তা বার্তা বাজারকে বলেন, উদ্বোধনের দিন (৭ ফেব্রুয়ারি) চিকিৎসক ও স্টাফসহ ৭ জন, ৮ তারিখে কেউ টিকা গ্রহণ করেনি, ৯ তারিখে ৯জন গ্রহণ করেছে, ১০ তারিখে একজনও করেনি। তবে ১১ তারিখে ৮ জন গ্রহন করেছে। এ নিয়ে মোট টিকা গ্রহণ করেছে ২৪ জন মাত্র। যা খুবই আশংকাজনক।

তবে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফারুক হোসেন বার্তা বাজারকে বলেন, কিভাবে টিকা নিতে হয়, উদ্বোধনের দিন (৭ ফেব্রুয়ারি) নার্সরা আমার দ্বারা বুঝাচ্ছিলেন যে এভাবে টিকাটা নিতে হবে। এর মধ্যে কে ভিডিও করেছে আমি জানি না। তবে আমি টিকা নিয়েছি। এ কাণ্ডের সমালোচনা প্রসঙ্গে তিনি বার্তা বাজারকে বলেন, আমি যদি টিকা নেওয়ার ব্যাপারে কাউকে সাহস যোগাই সেটা কি অপরাধ?

এ বিষয়ে সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. জাহিদুল ইসলাম বার্তা বাজারকে বলেন, চৌহালী উপজেলা পরিষদের চেয়ারম্যান টিকা গ্রহণের নামে ভান করেছে বিষয়টি জেনেছি। তবে তিনি টিকা ইতিমধ্যে গ্রহণ করেছে। তাছাড়া ওই (চৌহালী) উপজেলায় টিকা গ্রহণের সংখ্যা এখন পর্যন্ত খুবই কম। বিষয়টি নিয়ে ইতিমধ্যে জেলা প্রশাসকের সাথে কথা হয়েছে। আগামীকাল থেকে ওই উপজেলার প্রতিটি মসজিদে টিকা গ্রহণের প্রচারণার মাধ্যমে সকল শ্রেণির মানুষকে উৎসাহিত করা হবে বলেও তিনি উল্লেখ্য করেন।

এম এ মালেক/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর