কোনো স্বৈরাচার সরকারই ক্ষমতা ছাড়ে না, ছাড়াতে হয়: মির্জা আব্বাস

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আপনাকে কেউ অধিকার দিবে না, অধিকার আদায় করে নিতে হবে। কোনো স্বৈরাচার সরকারই ক্ষমতা ছাড়তে চায় না, ক্ষমতা ছাড়াতে হয়। জনগণের দাবির মুখে ইনশাআল্লাহ একদিন এই সরকারেরও পতন হবে এবং তা সকল স্বৈরাচার সরকারের মতো।

আজ বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে মির্জা আব্বাস এসব কথা বলেন।

তিনি বলেন, এই সরকার জিয়াউর রহমানের রাষ্ট্রীয় খেতাব দেয় নাই। দেশের জনগন ভালোবেসে এই খেতাব দিয়েছে দেশ স্বাধীন হবার পর। আর আপনারা (সরকার) আইন দেখান!

মির্জা আব্বাস বলেন, এ দু’বছরের সাজা দিয়ে আপনারা অর্জন করলেন কি। মিথ্যা মামলায় তারেক রহমানের বিরুদ্ধে সাজা দিয়ে কোনো লাভ হবে না। জিয়াউর রহমানকে খুন করে অনেকে মনে করলো বিএনপি শেষ। কিন্তু বিএনপি এখনো শেষ হয়ে যায় নি। বিএনপি আছে। তখন দলের হাল ধরেছিলেন বেগম খালেদা জিয়া। ভবিষ্যতে হাল ধরবেন তারেক রহমান।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি ও বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেলের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বিএনপির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/ভি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর