ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে আজ মাঠে নেমেছে বাংলাদেশ দল। টস হেরে বোলিং করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। লাঞ্চ বিরতির আগে ওয়েস্ট ইন্ডিজের কেবল একটি উইকেট নিতে সক্ষম হয় তারা।
দলীয় ৬৬ রানে প্রথম উইকেট হারায় উইন্ডিজরা। ব্যক্তিগত ৩৬ রানে তাইজুল ইসলামের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে সাঝঘরে ফিরেন জন ক্যাম্পবেল। লাঞ্চ বিরতির পর মাঠে নেমেই শেন মোসলেকে সাজঘরে ফিরিয়েছেন আবু জায়েদ রাহি।
৭ রান করে ফিরেন মোসলে। একাদশে জায়গা পেয়ে উইকেট তুলে নিয়েছেন সৌম্য সরকার। ১২২ বলে ৪৭ রান করে সৌম্যর বলে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ দিয়ে ফিরেন ক্রেইগ ব্র্যাথওয়েট।
এরপর উইন্ডিজ শিবিরে ফের আঘাত হানেন রাহি। চট্টগ্রাম টেস্টের নায়ক যিনি ২১০ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জিতিয়েছিলেন সেই কাইল মায়ার্স ৫ রান করে স্লিপে সৌম্যর হাতে তালুবন্দি হয়ে রাহির দ্বিতীয় শিকার হন।
৪ উইকেট হারিয়ে ১৪৬ রান হারিয়ে চা বিরতিতে যায় উইন্ডিজরা। চা বিরতির পর মাঠে নেমে প্রতিরোধ গড়েন এনক্রুমাহ বোনার ও জার্মেইন ব্ল্যাকউড। টানা দ্বিতীয় হাফসেঞ্চুরির দেখা পান বোনার। ৯৮ বলে ৬ চারে হাফসেঞ্চুরি পূর্ণ করেন তিনি।
তবে বোনার-ব্ল্যাকউডকে বড় জুটি গড়তে দেননি তাইজুল। ৭৭ বলে ২৮ রান করে তাইজুলকে ক্যাচ দিয়ে তার দ্বিতীয় শিকার হয়ে ফিরেন ব্ল্যাকউড। ৬২ রানের জুটি গড়েন তারা। দিনের বাকিটা সময় আর কোনো উইকেট পড়তে দেয়নি উইন্ডিজরা।
৫ উইকেট হারিয়ে ২২৩ রান করে প্রথম দিনের খেলা শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ। বোনার ৭৪ ও জশুয়া ডি সিলভা ২২ রানে অপরাজিত আছেন।
বার্তাবাজার/এস.জি