ফেনীর পর চট্টগ্রামেও কাদের মির্জার গাড়িতে হামলা
নোয়াখালী বসুরহাটের নবনির্বাচিত মেয়র আবদুল কাদের মির্জার গাড়িতে ফেনীর দাগনভূঞায় হামলার পর এবার চট্টগ্রামেও হামলার ঘটনা ঘটেছে। তবে কেউ হতাহত হয়নি।
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজের সম্মেলন কক্ষে শপথ গ্রহণের পর মেয়র আবদুল কাদের মির্জা চট্টগ্রামের স্থানীয় একটি গণোমাধ্যমের অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন। ওই অফিসের নীচে পার্কিং করা মির্জা কাদেরের গাড়িতে কে বা কারা ইট ছুড়ে। এর আগে ফেনীতে তার গাড়ির বহরে হামলা হয় বলে জানা যায়।
বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টায় শপথ নেওয়ার জন্য চট্টগ্রাম যাওয়ার পথে দাগনভুঞা জিরো পয়েন্টে দুর্বৃত্তরা তার গাড়িবহরে হামলা করেন বলে অভিযোগ করেছেন আবদুল কাদের মির্জা।
মির্জা কাদের জানান, দুর্বৃত্তরা আমাকে হত্যা করার উদ্দেশ্যে এ হামলা করেছেন বলে আমি মনে করি। তবে তারা যতোই হামলা করুক আমি সত্য কথা বলা থেকে নিবৃত্ত হবো না। আল্লাহর দয়ায় যদি সহিহ সালামতে শপথ নিতে পারি তবে আমি আমার এলাকায় গিয়ে আইনি পদক্ষেপ নেব।
এ ব্যাপারে দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন জানান, তিনি এ বিষয়ে কিছুই জানেন না। কারণ তিনি ঢাকায় অবস্থান করছেন। তবে সিএনজি মালিকদের সঙ্গে গতকাল পর্যন্ত একটি ঝামেলা চলছিল বসুরহাটের মেয়রের। উনার বিরুদ্ধে আনীত অভিযোগ ভিত্তিহীন।
দাগনভূঞা থানার ওসি মো. ইমতিয়াজ আহমদ জানান, মৌখিক অভিযোগ পেয়েছি। সত্যতা পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে মির্জা কাদেরের গাড়ির উপর হামলার প্রতিবাদে সকাল ১০ ঘটিকা থেকে কোম্পানীগঞ্জে বিভিন্ন ইউনিয়নে ও বসুরহাট পৌরসভায় প্রতিবাদ বিক্ষোভ মিছিল করা হয় এবং আগামীকাল কোম্পানীগঞ্জে হরতালের ডাক দিয়েছে ক্ষমতাসীন দল কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ।
মুজাক্কির/বার্তাবাজার/এসজে