কাভার্ডভ্যান-বাস থেকে ২৫ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৩
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বলা হয় ইয়াবা পাচারের অন্যতম রোড। সাম্প্রতিক সময়ে পুলিশি তৎপরতায় ইয়াবা কারবারি নতুন নতুন কৌশল অবলম্বন করছে। পুলিশের চোখকে ফাঁকি দিতে কক্সবাজার-টেকনাফ থেকে ইয়াবা পাচারে ব্যবহার করা হচ্ছে পণ্যবাহী ট্রাক, কাভার্ড ভ্যান ও যাত্রীবাহী বাস।
কক্সবাজার থেকে কাভার্ডভ্যান-যাত্রীবাহী বাস হয়ে চট্টগ্রামে ইয়াবা যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে চেকপোস্ট বসায় লোহাগাড়া থানা পুলিশ।
পুলিশ জানায়, বুধবার (১০ ফেব্রুয়ারি) দিনগত রাতে কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে ২০ হাজার ইয়াবা এবং যাত্রীবাহী বাস থেকে ৫ হাজার ৫’শ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। এসময় ৩ মাদক কারবারি কে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৭৫ লক্ষ হতে পারে বলে জানান পুলিশ।
মাদক কারবারীদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজু করে বৃহস্পতিবার তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
আটককৃতরা হল, কক্সবাজার জেলার টেকনাফের গোলা পাড়া এলাকার মৃত সৈয়দ আহমদের পুত্র আবদুল গফুর(৪২), উখিয়া কুতুবপালং মৃত আবদুল মাবুধের পুত্র জাহাঙ্গীর প্রকাশ রফিক(১৯) এবং গাজিপুর জয়দেবপুর বারারুল এলাকার মৃত বাচ্চু মিয়ার পুত্র তোফাজ্জল হোসেন (২২)।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিনগত রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে গফুর ও জাহাঙ্গীরের কাছ থেকে ৫হাজার ৫`শ পিচ ইয়াবা এবং কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে তোফাজ্জল হোসেনের কাছ থেকে ২০হাজার পিচ ইয়াবা সহ ৩ মাদক কারবারীকে আটক করা হয়।
বার্তাবাজার/এসজে