এমপিওভুক্তির দাবিতে পাবনায় অনার্স-মাস্টার্স কোর্সের শিক্ষকদের মানববন্ধন

জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ অনুযায়ী জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বেসরকারি কলেজসমূহে নিয়োগপ্রাপ্ত সাড়ে পাঁচ হাজার শিক্ষককে এমপিওভুক্তির দাবিতে পাবনায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় পাবনা হামিদ রোডে প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপি মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশন পাবনা জেলা শাখা।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের উচ্চশিক্ষা বিস্তারে ও সরকারের জাতীয় শিক্ষানীতি বাস্তবায়নে দীর্ঘ ২৮ বছর ধরে অগ্রণী ভূমিকা পালন করে আসছেন তারা। কিন্তু অদ্যবধি এমপিওভূক্ত হতে না পারায় বেসরকারি কলেজের অনার্স-মাস্টার্স কোর্সের সারাদেশের সাড়ে পাঁচ হাজার শিক্ষক মানবেতর জীবনযাপন করছেন।

এমন পরিস্থিতিতে এসব শিক্ষকদের প্রচলিত জনবল কাঠামো ও এমপিও নীতিমালায় সারাদেশের বেসরকারি কলেজে বৈধভাবে নিয়োগপ্রাপ্ত সাড়ে পাঁচ হাজার শিক্ষককে এমপিওভূক্তির দাবি জানান।

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন শিক্ষকরা।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশন পাবনা জেলা শাখার সভাপতি আব্দুল কাদের বিশ্বাস, সাধারণ সম্পাদক শানিুর রহমান সহ অনেকে।

মাসুদ রানা/বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর